রাইট ও পাবলিক ইস্যু বিধিমালা সংশোধনী করবে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬’ ও ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০০৬’-এর সংশোধনীর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সম্পদ পুনর্মূল্যায়ন সংক্রান্ত গাইডলাইন তৈরি ও এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের কিছু বিষয় তদন্তে আরও দুটি কমিটি গঠন করা হয়েছে সভায়। সন্ধ্যায় এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬-এর সংশোধনীর লক্ষ্যে একটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন, এসইসির পরিচালক কামরুল আনাম খান ও পরিচালক প্রদীপ কুমার বসাক।অন্যদিকে, এসইসির নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ ও পরিচালক মোহাম্মদ রেজাউল করিমকে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০০৬’-এর সংশোধনীর দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া সম্পদ পুনর্মূল্যায়নসংক্রান্ত গাইডলাইন তৈরির জন্য কমিশনের পরিচালক মাহবুবুল আলম ও পরিচালক আবুল কালামকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।এসইসি সূত্রে জানা যায়, এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে কিছু বিষয়ে বিনিয়োগকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ আরেকটি কমিটি গঠন করা হয়। বিষয়টি তদন্তের জন্য কমিশনের দুজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি। কমিটিকে এক মাসের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।