রাইট ও বোনাস শেয়ার ঘোষণা করতে পারবে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড
হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোনাস ও রাইট শেয়ারের আবেদন করার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে ফান্ডটির রাইট ও বোনাস শেয়ারের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল না করারও সিদ্ধান্ত নিয়েছে এসইসি। আজ বুধবার কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, গত ৫ অক্টোবর এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোনাস ও রাইট শেয়ার ঘোষণার আবেদন নাকচ করে এসইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের আলোকে এইমস কর্তৃপক্ষের বোনাস ও রাইট শেয়ারের প্রস্তাব এসইসিতে পাঠানোর ১০ দিনের মধ্যে এসইসিকে অনুমোদনের নির্দেশ দেন আদালত।গত ২৪ ফেব্রুয়ারি এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০০৭-০৮ ও ২০০৮-০৯ সালের জন্য ৭০ শতাংশ বোনাস ও ১৩০ শতাংশ রাইট লভ্যাংশ ঘোষণা করে এসইসির কাছে অনুমোদনের জন্য পাঠায়। ৭ মার্চ এসইসি এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ওই আবেদন নাকচ করে চিঠি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষুদ্র বিনিয়োগকারী মো. আবুল হোসেন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন এবং এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরবর্তী লেনদেনের ওপর নিষেধাজ্ঞা দেন। গত ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গত ৫ অক্টোবর এ রায় দেন।