রাইট ছাড়ার সংশোধিত নীতিমালা অনুমোদন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রাইট ইস্যু নীতিমালা ২০০৬-এর সংশোধনী চূড়ান্তভাবে অনুমোদন করেছে।এর ফলে এখন থেকে রাইট শেয়ার ছাড়ার ক্ষেত্রে নতুন নীতিমালা প্রযোজ্য হবে।এসইসির নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানান।সাইফুর রহমান বলেন, এর আগে সংশোধনী এনে প্রস্তাবিত এই বিধিমালাটি জনমত জরিপে পাঠানো হয়েছিল। কিছু পরিবর্তন সাপেক্ষে সেই নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়েছে।সাইফুর রহমান আরও বলেন, নীতিমালায় কয়েকটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে। এর ফলে এখন থেকে কোনো কোম্পানিকে প্রিমিয়ামসহ রাইট শেয়ার ছাড়তে হলে তার বিগত তিন বছরের মুনাফার রেকর্ড থাকতে হবে। এ ছাড়া প্রিমিয়াম নিতে হলে এ প্রতিষ্ঠানটির ঋণমান (ক্রেডিট রেটিং) তথ্য অবশ্যই থাকতে হবে।এ ছাড়া রাইট অফারের তথ্য এসইসি ও দুই স্টক এক্সচেঞ্জের পাশাপাশি কোম্পানি ও ইস্যু ব্যবস্থাপকের ওয়েবসাইটে থাকতে হবে। এসইসির অনুমোদনের তিন কর্মদিবসের মধ্যে এ ঘোষণা ওয়েবসাইটে দিতে হবে এবং চাঁদা গ্রহণ (সাবস্ক্রিপশন) শেষ না হওয়া পর্যন্ত এটি ওয়েবসাইটে রাখতে হবে।অবলিখনকারী (আন্ডাররাইটিং) প্রতিষ্ঠানগুলোকে অবলেখন ও পোর্টফোলিও ব্যবস্থাপনার বিবৃতি এসইসিতে জমা দিতে হবে।সাইফুর রহমান জানান, কোম্পানির রাইট প্রস্তাবে সংশ্লিষ্ট আবেদনের সঙ্গে ওই কোম্পানির আর্টিকেল অব মেমোরেন্ডামসহ যাবতীয় তথ্য এসইসিতে জমা দিতে হবে। একই সঙ্গে নগদ প্রবাহের সংক্ষিপ্ত সার, লাভ-লোকসানের বিবৃতি, উদ্বৃত্ত পত্র এবং গত পাঁচ বছরের লভ্যাংশ ঘোষণা ও প্রদানের বিবরণী জমা দিতে হবে।