রাইট শেয়ার ও আইপিওর টাকা ব্যবহারে কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং অধিকারমূলক বা রাইট শেয়ারের অর্থ ব্যবহারের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংশ্লিষ্ট আইনে নতুন একটি বিধান যুক্ত করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় নতুন এ বিধান যুক্ত করা হয়।

বিএসইসির নতুন এ বিধান অনুযায়ী, এখন থেকে আইপিও এবং রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হলে ন্যূনতম ৫১ শতাংশ সাধারণ শেয়ারধারী এবং বিএসইসির পূর্বানুমোদন নিতে হবে।

আইনের এ বিধান সংযুক্তির বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, যে উদ্দেশ্যে কোম্পানিগুলো আইপিও এবং রাইট শেয়ারের মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহ করবে, সেই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো খাতে ওই অর্থ খরচ গেলে শেয়ারধারী ও বিএসইসির অনুমোদনের বিষয়টি যুক্ত করা হয়েছে।

নতুন এ বিধানে বলা হয়েছে, আইপিও এবং রাইট শেয়ারের টাকা এ উদ্দেশ্য থেকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে হলে প্রথমে কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত লাগবে। সেখানে অর্থ ব্যবহারের সিদ্ধান্ত বদলের বিস্তারিত বিবরণ ও কারণ তুলে ধরতে হবে, যা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করতে হবে। এরপর সাধারণ সভা ডেকে অর্থ ব্যবহারের ধরন বদলের বিষয়ে ন্যূনতম ৫১ শতাংশ সাধারণ শেয়ারধারীর অনুমোদন নিতে হবে। ওই অনুমোদনের পর যথাযথ কাগজপত্রসহ বিএসইসিতে আবেদন ও অনুমোদন নিতে হবে। বিএসইসির অনুমোদন শেষে ওই সিদ্ধান্ত মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশও বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিছু কোম্পানি এক উদ্দেশ্যে আইপিওতে অর্থ সংগ্রহ করে পরে তা অন্য উদ্দেশ্যে ব্যবহার করছিল। এতে বিনিয়োগকারীরা প্রত্যাশিত সুফল পাচ্ছিলেন না। এ কারণে আইপিওর অর্থ ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোর হওয়ার দাবি করে আসছিলেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এই প্রেক্ষাপটে নতুন এ বিধান সংযোজন করেছে বিএসইসি।

এদিকে বিএসইসির গতকালের সভায় ডাচ্‌-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভা শেষে বিএসইসির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলধন ভিত্তি শক্তিশালী করতে ডাচ্‌-বাংলা ব্যাংকের বন্ড ছাড়ার প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। অরূপান্তরযোগ্য এ বন্ডের মেয়াদ সাত বছর। মেয়াদ শেষে বন্ডটি পুরোপুরিভাবে অবসায়িত হবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। শুধু বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান ও যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টে এ বন্ড কেনার সুযোগ পাবেন।

এ ছাড়া গতকালের সভায় বিবিএস কেবলসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করা হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা পুঁজি সংগ্রহ করবে। বিএসইসি জানিয়েছে, আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি যন্ত্রপাতি ও প্ল্যান্ট অধিগ্রহণ এবং ভবন নির্মাণসহ অন্যান্য কাজ করবে। ২০১৬ সালের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা। কোম্পানিটির আইপিওর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।