রাইট শেয়ার ছাড়ার অনুমতি পেল ইসলামিক ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে। গত বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় কোম্পানিটির অধিকারমূলক শেয়ার ছাড়ার আবেদন অনুমোদন করা হয়। কমিশন সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে কোম্পানিটি তাদের বিদ্যমান তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক শেয়ার (১:৩ ) ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি অধিকারমূলক শেয়ার বিক্রি করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রায় ২৫ কোটি ৪২ লাখ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত এই অর্থ আন্তর্জাতিক মূলধন পর্যাপ্ততার (ব্যাসেল-২) শর্ত পূরণে ব্যবহূত হবে। এসইসি জানিয়েছে, কোম্পানি প্রায় দুই কোটি ৫৪ লাখ রাইট শেয়ার ইস্যু করবে। এটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যাডভাইজরস লিমিটেড। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের প্রতিবেদনের ভিত্তিতে এসইসি জানিয়েছে, কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য বা এনএভি ১৩ টাকা ৮৭ পয়সা। এ ছাড়া সভায় মাইমকো জুট মিলস নামের একটি প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর অনুমতি দেওয়া হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে দুই কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ২০ কোটি টাকা মূলধন বাড়াবে। কোম্পানিটির বর্তমান মূলধন প্রায় ১৩ কোটি সাত লাখ টাকা, নতুন শেয়ার ইস্যুর পর যা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৩ কোটি ৭ লাখ টাকায়।