রাইট শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে ফাস্ট লিজ ফিন্যান্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফাস্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট অধিকারমূলক (রাইট) শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত এক সভায় গত মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি তাদের বিদ্যমান তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি (১: ৩) রাইট শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি প্রায় আড়াই কোটি নতুন শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ারধারীরা নতুন এই শেয়ার কিনতে পারবেন। আড়াই কোটি রাইট শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে প্রায় ২৫ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ করবে।বিএসইসির তথ্য অনুযায়ী, সংগৃহীত অর্থে কোম্পানিটি তার মূলধন-ঘাটতি মেটাবে। শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।