রাইটস ও বোনাস শেয়ার দিতে পারবে এইমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমেছে। এর মধ্যে দুই বাজারের সম্মিলিত লেনদেনের পরিমাণ ২০০ কোটি টাকারও বেশি কমেছে।এদিকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল এইমস প্রথম মিউচুয়াল ফান্ড সম্পর্কে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আদালতের নির্দেশনা অনুযায়ী রাইটস ও বোনাস শেয়ার দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। এসইসি সূত্রে জানা গেছে, এইমস প্রথম মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দেওয়া বা রাইট শেয়ার ইস্যু করার বিষয়ে হাইকোর্টের রায়ের আলোকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৩৯৮ কোটি টাকা। যা আগের দিন মঙ্গলবার ছিল দুই হাজার ৬১৫ কোটি টাকা টাকার কিছু বেশি। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট লেনদেন হয়েছে দুই হাজার ১৯৩ কোটি টাকার শেয়ার। যা মঙ্গলবার ছিল দুই হাজার ৪৮০ কোটি। অন্যদিকে সিএসইতে এদিন মোট ২০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন ছিল ২৩৫ কোটি টাকা। ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল ৮ পয়েন্টের কিছু বেশি কমে সাত হাজার ৯৩১ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে আগের দিনের চেয়ে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল চারটির। আর সিএসইর সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ৯৮ পয়েন্ট কমে ২২ হাজার ৫৪৮ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে মোট ১৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৮৯টির ও অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির।তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে গতকাল বুধবার লিজিং ও বিমা খাতের শেয়ারের দাম তুলনামূলকভাবে বেশি বেড়েছে। তবে টানা কয়েক দিন দাম বাড়ার পর বেশির ভাগ ব্যাংকের শেয়ারের দাম কমেছে। বাজারে লেনদেন কমার কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, বাজারে সরকারি মালিকানাধীন আটটি কোম্পানির আরও শেয়ার ছেড়ে দেওয়ার সরকারি ঘোষণার পরপরই এসব কোম্পানির শেয়ারের দরে প্রভাব পড়েছে এবং দাম অনেক কমেছে। এ ছাড়া টানা কয়েক দিন ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় অনেকের মধ্যেই মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে। এতে ব্যাংকের শেয়ারের দর পড়েছে। সব মিলিয়ে শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন কমেছে।