রাকাবের ঈশ্বরদী শাখার পৌনে দুই কোটি টাকার মন্দ ঋণ আদায় অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ঈশ্বরদী শাখার এক কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকার মন্দ ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।রাকাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, খেলাপিদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার পাশাপাশি চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা করেও ঋণের টাকা আদায় করা খুবই কঠিন হয়ে পড়েছে। তাঁদের কেউই ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা ফেরত দিতে চাইছেন না। ব্যাংক সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালের ২১ মে ঈশ্বরদীতে রাকাবের এ শাখা চালু হওয়ার পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ক্ষুদ্রঋণের আওতায় ফসলি ও মেয়াদি ঋণের টাকা সন্তোষজনকভাবে আদায় হয়। কিন্তু ১৯৯০-৯৬ সাল পর্যন্ত যেসব ঋণ বিতরণ করা হয় তার ৯০ ভাগই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ হয়নি। যে কারণে রাকাবের এ শাখা নতুনভাবে ফসলি ও মেয়াদি ঋণ বিতরণ করতে হিমশিম খাচ্ছে বলে কর্মকর্তারা জানান। জানা যায়, বর্তমানে রাকাবের ঈশ্বরদী শাখায় মোট এক কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে মেয়াদি ঋণ রয়েছে এক কোটি ৬৩ লাখ ৮৪ হাজার টাকা। আর ফসলি ঋণ হচ্ছে ১০ লাখ ৯৪ হাজার টাকা। এ ঋণ আদায়ের জন্য ইতিমধ্যে ৯৯৪ জনকে ব্যাংক থেকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৬৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ শেখ প্রথম আলোকে জানান, ঋণখেলাপিদের একাধিক নোটিশ দেওয়ার পর ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করেও ঋণের টাকা ওঠানো যাচ্ছে না। তিনি আরও জানান, থানায় বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা এসে জমা হলেও পুলিশ ঋণখেলাপিদের গ্রেপ্তার করছে না।