রাকাবের রাজশাহী বিভাগ মুনাফার ধারায় ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী বিভাগ টানা চার বছরের লোকসান কাটিয়ে অবশেষে মুনাফা অর্জনের ধারায় ফিরেছে।২০১১-১২ অর্থবছরে এই বিভাগ ১২ কোটি ৭৮ লাখ টাকা মুনাফা করেছে। অথচ গত বছরেও রাকাবের এই বিভাগের লোকসান হয়েছিল চার কোটি ৭৩ লাখ টাকা।জানা গেছে, রাজশাহী বিভাগে রাকাবের নয়টি জোনের মধ্যে গত বছর সবচেয়ে বেশি মুনাফা করেছে রাজশাহী জোন। এ জোনের মুনাফার পরিমাণ হলো চার কোটি ১১ লাখ টাকা। নওগাঁ জোন দ্বিতীয় সর্বোচ্চ চার কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছে। আর এই বিভাগে নাটোর ও সিরাজগঞ্জ জোন এখনো লোকসানে রয়েছে। ব্যাংকের মহাব্যবস্থাপক আবদুল খালেক খান প্রথম আলোকে জানান, মাঠকর্মী থেকে শাখা ব্যবস্থাপক, জোনাল ব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক পর্যন্ত প্রতিটি স্তরে শীর্ষ ৫০ জন ঋণখেলাপির তালিকা তৈরি করা হয়েছে। এর ফলে মোট খেলাপি ঋণের ৬০ শতাংশ সরাসরি তদারকির আওতায় চলে আসায় প্রচুর পরিমাণ খেলাপি ঋণ ও স্থগিত সুদ আদায় করা সম্ভব হয়েছে।