রাঙামাটি টেক্সটাইল মিলস আবার চালু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা-মাশুলের ভিত্তিতে আবার চালু হয়েছে রাঙামাটি টেক্সটাইল মিলস। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন এই মিল শিগগিরই উৎপাদনে যাবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সেবা-মাশুল (সার্ভিস চার্জ) ভিত্তিতে মিলটি চালু করতে গত ১০ ফেব্রুয়ারি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়।
তারই ধারাবাহিতায় বিটিএমসির অর্থায়নে গতকাল থেকে মিলটি আবার চালু হয়। মিলটির দৈনিক উৎপাদনক্ষমতা হচ্ছে ১ হাজার ৮৮০ কেজি সুতা। পুরোদমে চালু হলে এখানে ৪০০-৫০০ লোকের কর্মসংস্থান হবে।
সরকারি ব্যবস্থাপনায় ১৯৭৭ সালে রাঙামাটি পার্বত্য এলাকায় ২৬ দশমিক ২৪ একর জমির ওপর মিলটি স্থাপন করা হয়। ১৯৮৩ সালে উৎপাদন কার্যক্রম শুরুর পর থেকে ১৮ জুন ২০০৮ পর্যন্ত মিলটি চালু ছিল। পরে বেসরকারীকরণের জন্য মিলটি প্রাইভেটাইজেশন কমিশনে হস্তান্তর করা হয়। ২০১৩ সালের ২ এপ্রিল সেটি আবার কমিশনের কাছ থেকে ফেরত নেয় বিটিএমসি।
গত বছরের ১১ নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মিলস আবার চালু করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।