রাঙামাটির পর্যটন ব্যবসায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটকের অপেক্ষায় রাঙামাটির ঝুলন্ত সেতু
পর্যটকের অপেক্ষায় রাঙামাটির ঝুলন্ত সেতু

পাহাড়ঘেরা পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে বছরের এই সময়টায় হোটেল-মোটেল, গেস্টহাউস দেশি-বিদেশি পর্যটকে ভরা থাকে। দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের কাপ্তাই হ্রদে ভ্রমণের জন্য ইঞ্জিনচালিত নৌকা পাওয়া দুষ্কর হয়ে পড়ে। অথচ টানা অবরোধ-হরতালে চলতি মৌসুমে এই পাহাড়ি অঞ্চলের অপরূপ রূপ দেখার কোনো পর্যটক নেই। যে কারণে রাঙামাটির পর্যটন খাতে ধস নেমেছে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাঙামাটির পর্যটন খাতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে ২০ থেকে ২২ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ২ লাখ টাকা, বেসরকারি পর্যটন খাতে ২ লাখ, আবাসিক হোটেল খাতে ৫ লাখ টাকা, ইঞ্জিনচালিত নৌকায় দেড় লাখ, রেস্তোরাঁয় ৪ লাখ টাকা, টেক্সটাইলে ৫ লাখ, যানবাহনে ২ লাখ টাকা। সেই হিসাবে, গত ২২ দিনের হরতাল-অবরোধে লোকসান হয়েছে প্রায় ৫ কোটি টাকা।
রাঙামাটি শহরে ৪০টি আবাসিক হোটেল ছাড়াও অনেকগুলো গেস্টহাউস ও মোটেল রয়েছে। গত ডিসেম্বরে দেশ-বিদেশ থেকে পর্যটকেরা প্রায় সব হোটেলের কক্ষ বুকিং করেছিলেন। এখন হরতাল-অবরোধের সময় বাড়ছে আর পর্যটকেরা বুকিং বাতিল করছেন। এমন তথ্য জানিয়েছেন এখানকার আবাসিক হোটেল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আহমেদ।
প্রতিবছরই রাঙামাটিতে পর্যটকের সংখ্যা বাড়ে। সে কারণে বেশিসংখ্যক পর্যটককে আকৃষ্ট করতে রাঙামাটির পর্যটক মোটেল গত বছরের শেষ দিকে ১০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সুযোগ-সুবিধাসংবলিত একটি চারতলা মোটেল নির্মাণ করেছে। আরও ৩০ লাখ টাকা খরচ করে ঝুলন্ত সেতু ও মোটেলের বিভিন্ন স্থান সংস্কারও করা হয়েছে। কিন্তু এর কোনো সুফলই পাচ্ছে না মোটেল কর্তৃপক্ষ।
পর্যটন মোটেলের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, ‘মোটেলের সব কক্ষে পর্যটক থাকলে দৈনিক ভাড়া পাওয়া যায় দেড় লাখ টাকা। অন্যান্য আয় থেকে আসে আরও ৫০ হাজার টাকা। আর সাপ্তাহিক ছুটির দুই দিনে প্রতিদিন আয় হয় ৩ লাখ টাকা করে। কিন্তু এবার কিছুই হচ্ছে না।’
রাঙামাটি শহরের পূর্ব পাশে কাপ্তাই হ্রদের তীরে গড়ে তোলা বেসরকারি পর্যটনকেন্দ্র ‘পেদা টিংটিং’-এর স্বত্বাধিকারী গৌতম দেওয়ান বলেন, ‘আগের বছর এই সময়ে আমাদের প্রতিদিন আয় হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। এ বছর কোনো পর্যটক নেই। তাই প্রতিদিনই লোকসান বাড়ছে।’
পর্যটন করপোরেশনের তালিকাভুক্ত বোট মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘অন্যান্য বছর এ সময় ঘাটে নৌযান পাওয়া যেত না। এ বছর চালকেরা সারা দিন অপেক্ষা করেও একজন পর্যটক পাচ্ছেন না।’ তিনি জানান, তাঁদের সমিতির ৯২টি বোটের প্রতিটির ভাড়া ঘণ্টায় সর্বোচ্চ ৫০০ টাকা ও সর্বনিম্ন ৩০০ টাকা। এই হিসাবে সমিতির প্রতিদিনের আয় ছিল ১ লাখ টাকা। সমিতির বাইরে আরও শতাধিক বোটও একই রকম আয় করে। এখন বোটের চালকদের সারা দিন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই।