রাঙ্গুনিয়ায় এবার ঈদের বাজার জমজমাট
ঈদ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিলাসবহুল মার্কেট, বিপণিবিতান ও হাটবাজারগুলো এখন বেশ জমজমাট। তবে দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের অনেকেই বিভিন্ন ধরনের বাহারি পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানান। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর রোয়াজারহাট ও দোভাষীবাজার, রানীরহাট, ধামাইরহাট, শান্তিরহাট, গোচরাবাজার, সরফভাটা ক্ষেত্রবাজার, পদুয়া রাজারহাটসহ বিভিন্ন বাজারে প্রতিদিনই ব্যাপক হারে ক্রেতার সমাগম ঘটছে।বিক্রেতারা জানান, এবারে বিশেষ করে, তরুণীরা চুমকি আর রংবেরঙের পাথরে সজ্জিত শাড়ি, থ্রিপিস, ফোরপিস, দেশীয় জামদানি শাড়ি ও গয়না বেশি কিনছেন।রোয়াজারহাট রুবেল সুপার মার্কেটের ফ্রেন্ডশিপ নামের দোকানের মালিক আবদুল খালেক জানান, তিনি গরিব ও উচ্চবিত্ত সবার জন্যই বিভিন্ন ধরনের পোশাক-আশাক নিয়ে এসেছেন। আর বিক্রি করছেন এক দামে। বেচাবিক্রিও বেশ ভালো হচ্ছে।রোয়াজারহাটের বাদশা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বাদশা আলম জানান, তাঁর দোকানে পাথর ও মিনা করা নানা ধরনের দেশি-বিদেশি গয়না রয়েছে। নিম্ন থেকে উচ্চবিত্তরা চাহিদামতো পণ্য এখানে পাচ্ছেন। বিক্রিও হচ্ছে ভালো।মুরাদনগর পৌর এলাকার বিলকিছ আকতার রোয়াজারহাটে কেনাকাটার সময় জানান, চুমকি আর পাথরের কারুকাজে সজ্জিত একটি থ্রিপিস চার হাজার ২০০ টাকায় কিনেছেন তিনি। গত বছর এ মানের একটি থ্রিপিসের দাম অনেক কম ছিল।চন্দ্রঘোনা বনগ্রামের আয়েশা আকতার দোভাষীবাজারে জানান, চুমকি আর পাথরের কারুকাজ করা একটি শাড়ির দাম হাঁকা হয়েছে আট হাজার টাকা। অথচ একই মানের শাড়ি গত বছর তিন হাজার টাকায় বিক্রি হয়েছে।রাঙ্গুনিয়া মহিলা কলেজের ছাত্রী জাহানারা বেগম জানান, এবারে লেহেঙ্গা, জুতা, লেডিস ব্যাগ ইত্যাদির দাম গতবারের চেয়ে বেশি।