রাঙ্গুনিয়ায় গৃহস্থালি পণ্য ও শোপিসের দোকানে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে কাপড়, জুতা ও গয়নার পাশাপাশি এবার বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য ও শোপিসের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। সরেজমিনে উপজেলা সদরের রোয়াজারহাট, রানীরহাট ও দোভাষী বাজারে গিয়ে দেখা যায় যে এবার ঈদ সামনে রেখে বিছানার চাদর, সোফার কাভার, কুশন কাভার, দরজা-জানালার পর্দা, ফুলের টব, পাপোশ, কার্পেট, অ্যাকুরিয়াম, ঝাড়বাতি, মাটির বড় ফুলদানি, পটারি বা মৃৎপাত্র, তৈজসপত্র, টেবিলম্যাট, টেবিল, টেবিল ল্যাম্প, টিভি স্ট্যান্ড, আসবাবপত্র, কৃত্রিম ফুল, সিনারি, পেইন্টিং, সিডি স্ট্যান্ড, ঘড়ি, ইলেকট্রনিক্স পণ্য, স্পট লাইট, টিউব সেট ইত্যাদি বেশ বিক্রি হচ্ছে। এ ছাড়া বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শোপিস, বাঁশ, কাঠ, মাটির তৈরি কুটির শিল্পজাত পণ্য, প্লাস্টিকের ফুল-ফলের গাছ ইত্যাদি। দোভাষী বাজারের আলম মার্কেটে একটি শোপিসের দোকানে ফাউজিয়া আকতার নামে এক ক্রেতা বলেন, ‘ড্রয়িং রুমটা সাজানো-গোছানো হলে অতিথিরা মুগ্ধ হন, নিজের কাছেও ভালো লাগে। তাই সোফার কাভার, নতুন চাদর, দরজা-জানালার পর্দা, প্লাস্টিকের ফুল ও ফল এসব কিনেছি।’ রোয়াজারহাটে বেলাল স্টোরের মালিক বেলাল হোসেন জানান, ঈদ উপলক্ষে অন্য সময়ের চেয়ে গৃহসজ্জার উপকরণের বিক্রি বেশ বেড়েছে। রোয়াজারহাটের খাজা লাইটিংয়ের আলমগীর হোসেনও একই কথা বলেন।