রাজউকে 'এক দরজায় সব সেবা' চায় রিহ্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে ‘এক দরজায় সব সেবা’ বা ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতারা।

রাজউকের চেয়ারম্যান আবদুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল সোমবার বৈঠক করে এ দাবি জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতারা। রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের ১০ সদস্যের প্রতিনিধিদল গতকালের বৈঠকে উপস্থিত ছিল।

রিহ্যাবের সদস্যপদ ছাড়া কোনো ডেভেলপার যেন রাজউকের নিবন্ধন ও নকশা (প্ল্যান) পাস করাতে না পারেন সে বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সহযোগিতা চান সংগঠনের নেতারা। তাঁরা বলেন, রিহ্যাবের সদস্যপদ ছাড়া কোনো ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান আবাসন ব্যবসা করতে পারবে না উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় গত ২১ মে একটি পরিপত্র জারি করে।

রাজউক চেয়ারম্যান আবদুর রহমান রিহ্যাব নেতাদের ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি আরও আশ্বাস দেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রসহ লিখিত আবেদন করলে রিহ্যাবের সদস্যপদ ছাড়া কোনো ডেভেলপারকে রাজউকের নিবন্ধন ও নকশা পাস করতে দেওয়া হবে না। বিজ্ঞপ্তি