রাজউকের প্রকল্পে ফ্ল্যাট বানাতে চায় রিহ্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন (বাঁ থেকে দ্বিতীয়) l প্রথম আলো
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন (বাঁ থেকে দ্বিতীয়) l প্রথম আলো

রাজউকের জমিতে ফ্ল্যাট তৈরি করার আগ্রহ প্রকাশ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার চার দিনব্যাপী রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলা শুরু হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘জীবিকার প্রয়োজনে সবাই ঢাকায় আসতে চায়, ঢাকায় থাকতে চায়। কিন্তু সবার আবাসনের জন্য প্রয়োজনীয় জমি মিলছে না। এ ক্ষেত্রে রাজউকের জমিতে রিহ্যাব সদস্যদের বিশেষ বরাদ্দ দেওয়া হলে সেখানে ফ্ল্যাট নির্মাণ করতে পারবে রিহ্যাব।’
রিহ্যাব সভাপতি বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ক্রেতারা এই মুহূর্তে আবাসন খাতে বিনিয়োগ করলে লাভবান হবেন। কারণ, সামনে জমির দাম আরও বাড়বে।’
মোশাররফ হোসেন বলেন, ‘এক অঙ্কের সুদে ৫০ হাজার কোটি টাকার আবাসন ঋণ তহবিলের ব্যবস্থা করা গেলে তা মার যাবে না। গরিব-মধ্যবিত্ত পর্যায়ের লোকদের জন্য এ তহবিল থেকে ২০ থেকে ৩০ বছরের জন্য ঋণ পরিশোধের সুযোগ দিতে সরকারের এগিয়ে আসা উচিত।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রিহ্যাবের সহসভাপতি রবিউল হক ও লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় মেলা শুরু হবে আর চলবে রাত নয়টা পর্যন্ত। অবশ্য মেলার শেষ দিন শুক্রবার সাড়ে নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের প্রবেশের জন্য ৫০ ও ১০০ টাকার দুই ধরনের টিকিট থাকছে। মেলায় দেড় শ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।