রাজকোষে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক কেলেঙ্কারির সর্বশেষ সংযোজন হলো রিজার্ভের অর্থ চুরি। এবার খোদ রাষ্ট্রীয় কোষাগারের অর্থ চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে নিয়ে গেছে হ্যাকাররা। গত ৪ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে পদত্যাগ করতে হয়েছে। আর সরানো হয়েছে দুই ডেপুটি গভর্নরকে। ওএসডি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী ব্যবস্থা সুইফটের (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার-ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন-এসডব্লিউআইএফটি) সংকেত ব্যবহার করেই বাংলাদেশ ব্যাংকের দিক থেকেই এই বিপুল অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। হ্যাকাররা মোট ৩৫টি অর্থ স্থানান্তর আদেশ দিয়েছিল, এর মধ্যে পাঁচটি কার্যকর হয়।
হ্যাকাররা রিজার্ভের প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার শাখায় সরিয়ে নেয়। পরে এর একটি অংশ ক্যাসিনোর মাধ্যমে ব্যাংকিং খাত থেকে বেরিয়ে যায়। এ নিয়ে ফিলিপাইনে তদন্ত চলছে। অন্যদিকে প্রায় দুই কোটি ডলার শ্রীলঙ্কায় সরানো হলেও তা ফেরত আনা সম্ভব হয়েছে।
এদিকে বাংলাদেশে পুরো বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। মতিঝিল থানায় মামলা করা হলেও সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা যায়নি।