রাজধানীতে ইকো সেন্টার চালু করল ইডটকো
বাংলাদেশে প্রথম ইকো সেন্টার চালু করেছে টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। ঢাকার গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার এ সেবার উদ্বোধন করেন ইডটকো গ্রুপের প্রধান বিপণন ও করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা ওয়ান জয়নাল আদেলিন। ইডটকো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ইকো সেন্টারটি দেশে মোবাইল টাওয়ার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, তথ্য প্রদান, সংকেত দেওয়াসহ পরোক্ষ অবকাঠামো সেবা, সমস্যার তথ্য ও সমাধান দেবে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমিয়ে দক্ষ ব্যবস্থাপনা ও মানসম্পন্ন গ্রাহক সেবা দিতেও এটি সহায়ক হবে। এটির মাধ্যমে গ্রাহক প্রতিষ্ঠান যেকোনো স্থান থেকে অবকাঠামোর তথ্য ও দ্রুততম সময়ে সমস্যার সমাধান করতে পারবে।
ওয়ান জয়নাল বলেন, ইডটকো গ্রুপ মালয়েশিয়ার বাইরে প্রথম ইকো সেন্টারটি বাংলাদেশে স্থাপন করতে পেরে আনন্দিত।