রাজধানীতে ওয়েল ফুডের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়েল ফুডের কর্মকর্তারা l ছবি: ওয়েল ফুডের সৌজন্যে
ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়েল ফুডের কর্মকর্তারা l ছবি: ওয়েল ফুডের সৌজন্যে

অনানুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের মার্চ-এপ্রিলে। আর গতকাল শনিবার রাজধানী ঢাকায় নিজেদের যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দিল ওয়েল ফুড। ২০০৫ সালে চট্টগ্রামের জিইসি মোড়ে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র চালুর মাধ্যমে খাদ্যপণ্য ব্যবসা শুরু করে প্রতিষ্ঠানটি।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গতকাল বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেক কেটে জাতীয় পর্যায়ে ওয়েল ফুডের যাত্রার ঘোষণা দেন গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলাম। তিনি জানান, ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়েল ফুড। ওয়েল গ্রুপ মূলত ১৯৭০ সাল থেকে তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। পরবর্তী সময়ে ব্যবসার পরিধি বাড়িয়ে চট্টগ্রামভিত্তিক এ শিল্প গ্রুপটি খাদ্যপণ্য, হোটেল ব্যবসাসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত দেড় বছরে রাজধানীর বিভিন্ন স্থানে ওয়েল ফুডের ১২টি বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি বিক্রয়কেন্দ্র খোলা হবে। চট্টগ্রামে রয়েছে প্রতিষ্ঠানটির ২২টি বিক্রয়কেন্দ্র। দেশীয় বাজারের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতেও এটির পণ্য রপ্তানি করা হচ্ছে।
সৈয়দ নুরুল ইসলাম বলেন, ঢাকায় ওয়েল ফুডের শতাধিক বেকারি ও মিষ্টিজাতীয় পণ্যের মধ্যে পাওয়া যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বেলা’ বিস্কুট। সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ শহীদুল ইসলাম বলেন, ওয়েল ফুডের তৈরি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলা বিস্কুট বর্তমানে প্রধানমন্ত্রীর প্রতিদিনকার সকালের নাশতার একটি অনুষঙ্গ হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী পাঁচ বছরের মধ্যে বেকারি শিল্পে ১০০ কোটি টাকার ব্যবসার লক্ষ্য নির্ধারণ করেছে ওয়েল ফুড। এ ক্ষেত্রে পণ্যের গুণগত মান, সেবা ও যৌক্তিক মূল্য হবে বড় শক্তি। ক্রমাগতভাবে নতুন নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনার কথাও জানানো হয় সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ডেইজি রহিম।