রাজধানীতে চার দিনের পর্যটন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ট্রাভেল মার্ট উদ্বোধনের পর স্টল ঘুরে দেখছেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন
ঢাকা ট্রাভেল মার্ট উদ্বোধনের পর স্টল ঘুরে দেখছেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন

রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে চার দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-২০১৪। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।
ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে পর্যটনবিষয়ক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটর। প্রতিষ্ঠানটি এর আগেও ১০ বার পর্যটন মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধনকালে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, পর্যটন খাত যেন বিকশিত হয় সেজন্য সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। তিনি বলেন, এ দেশে পর্যটন খাত বিকশিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাত এ ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারউজ জামান খান এবং বাংলাদেশ মনিটর-এর প্রধান সম্পাদক রাকিব সিদ্দিকী।
আয়োজকেরা জানান, বাংলাদেশসহ সাতটি দেশের ৪৮টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে আছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট এবং আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান মেলায় তাদের সেবার ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।
মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।