রাজধানীতে ছয় দিনব্যাপী আসবাবপত্র মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে শুরু হয়েছে ছয় দিনব্যাপী নবম ‘জাতীয় আসবাবপত্র মেলা’। গতকাল সোমবার এই মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করেছে ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফআইওএ)। ১১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। আয়োজকেরা জানান, মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্য দেশীয় আসবাবপত্রের প্রচার এবং দেশি-বিদেশি ক্রেতাদের এই শিল্পের গুণগত মান সম্পর্কে অবহিত করা। এবারের মেলার স্লোগান হলো, ‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাব বাসা’। মেলায় ৭৮টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বাণিজ্যসচিব গোলাম হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান, মহাসচিব সেলিম এইচ রহমান প্রমুখ। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, দেশীয় আসবাবপত্র শিল্পের স্বার্থ সংরক্ষণে বর্তমান কর ও শুল্ককাঠামো পরিবর্তনে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আসবাবপত্র শিল্প মালিকদের দাবি অনুযায়ী সরকার এই শিল্পের জন্য পৃথক শিল্পনগরী স্থাপনের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ করবে। শিল্পমন্ত্রী বলেন, সরকার ঘোষিত জাতীয় শিল্পনীতিতে আসবাবপত্র শিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে রাখা হয়েছে। শ্রমঘন ও দেশীয় শিল্প হিসেবে সরকার এ শিল্পের উন্নয়ন ও বিকাশে সব ধরনের সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত থাকবে। হরতাল ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করছে বলে অভিমত প্রকাশ করে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘হরতাল যদি গণতান্ত্রিক অধিকার হয় তাহলে স্বাধীনভাবে ব্যবসা করাও আমাদের গণতান্ত্রিক অধিকার। এক দিন হরতাল হলে প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মীদের বেতন দিতে হয়। ব্যবসায়ীরা এই আর্থিক ক্ষতি পুষিয়ে নেয় পণ্যের দাম বাড়িয়ে।’ এ কে আজাদ বলেন, বেসরকারি খাতের উদ্যোক্তারাই দেশের সিংহভাগ কর্মসংস্থান করেছে। তাই বেসরকারি খাতের উদ্যোক্তাদের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, যেকোনো শিল্পের বিকাশে রাষ্ট্রের ওপর অতিনির্ভরতা ভালো নয়। আসবাবপত্র শিল্পের বিকাশে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি। কে এম আকতারুজ্জামান জানান, বর্তমানে আসবাবপত্র শিল্পের ২০ লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই শিল্পের প্রসার ঘটাতে পারলে ভবিষ্যতে ৫০ লাখ লোকের কর্মসংস্থান করা সম্ভব হবে।