রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁও হোটেলে শুরু হওয়া আন্তর্জা​তিক পর্যটন মেলায় দর্শনার্থীদের ভিড় l প্রথম আলো
সোনারগাঁও হোটেলে শুরু হওয়া আন্তর্জা​তিক পর্যটন মেলায় দর্শনার্থীদের ভিড় l প্রথম আলো

তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-২০১৫ রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ট্রাভেল মার্ট-২০১৫-এর চেয়ারম্যান ও দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক কাইল হেউড।
মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টি সংস্থা ও প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল এবং ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ।
অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য বিশেষ হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা দিচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২৫ টাকা। প্রবেশ কুপনের ওপর র্যাফল ড্রর ব্যবস্থা রয়েছে।
আগামীকাল মেলার সমাপনী অনুষ্ঠানে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফল ড্র পুরস্কারের মধ্যে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যে বিমান টিকিট ও ট্যুর প্যাকেজ, খ্যাতনামা হোটেলসমূহে প্রাতরাশসহ রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপন ইত্যাদি।
দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর দ্বাদশ বারের মতো এ মেলার আয়োজন করছে।
ঢাকা ট্রাভেল মার্ট-২০১৫ আয়োজনে পার্টনার হিসেবে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন।