রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা আজ শুরু
দেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রয়াস হিসেবেই রাজধানীতে আজ শুরু হচ্ছে ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০১০’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। ঢাকায় শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে এ মেলা অনুষ্ঠিত হবে।মেলায় স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করবে। মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। পর্যটনবিষয়ক স্থানীয় পত্রিকা বাংলাদেশ মনিটর এই নিয়ে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করছে। সহ-আয়োজকেরা হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও বেসরকারি খাতের বিমান সংস্থা জিএমজি এয়ারলাইনস। মেলার প্রিমিয়াম পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইনস।আয়োজকেরা জানান, মেলাটি আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা।প্রদর্শনীর শেষ দিন প্রবেশ টিকিটের ওপর অনুষ্ঠিত হবে র্যাফল ড্র, যাতে থাকবে আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে আছে কুয়েত এয়ারওয়েজের সৌজন্যে ঢাকা-কায়রো-ঢাকা, এমিরেটসের সৌজন্যে ঢাকা-দুবাই-ঢাকা, জিএমজির সৌজন্যে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, জেট এয়ারওয়েজের সৌজন্যে ঢাকা-কলকাতা-ঢাকা, ইউনাইনেড এয়ারওয়েজ ও জিএমজির সৌজন্যে রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকার বিমান টিকিটসহ মোট ১৭টি পুরস্কার।