রাজধানীতে তিন দিনের মৎস্য ও প্রাণী মেলা শুরু
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলা।
অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) আয়োজিত এ মেলার উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অতিথি হিসেবে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, মৎস্য ও প্রাণিসম্পদসচিব শেলীনা আফরোজা এবং এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, মাছের প্রক্রিয়াজাতকরণ না হওয়ায় এ খাতের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। গবাদিপশুর জাত উন্নয়নে এখনো ভালো গবেষণা হয়নি। ফলে উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি।
আয়োজকেরা জানান, মেলায় দেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ২০টির বেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব স্টলে প্রাণী স্বাস্থ্য খাতে ব্যবহূত বিভিন্ন পণ্য ও উপকরণ প্রদর্শিত হচ্ছে।
পয়লা মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলায় দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
বাণিজ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মেলা আয়োজনে সহযোগিতা করেছে।