রাজধানীতে প্রথমবারের মতো ব্যাংকিং মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী ব্যাংকিং মেলা। এতে ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের পণ্য ও সেবার তথ্য তুলে ধরা হবে।

‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’-- এই স্লোগানে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো এ ধরনের মেলার আয়োজন করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আজ মঙ্গলবার সকালে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।

এদিকে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান বিরূপাক্ষ পাল। তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ৫৬টি ব্যাংক ছাড়াও ব্যাংক-বহির্ভূত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিক সেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৮০টি স্টল রয়েছে। এ ছাড়াও এতে থাকবে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস (টাঁকশাল), স্মারক মুদ্রা ও বিভিন্ন প্রকাশনার আলাদা স্টলের পাশাপাশি গ্রাহক অভিযোগকেন্দ্র।

আয়োজকেরা আরও জানান, মেলাকে প্রাণবন্ত করতে প্রতিদিনই থাকবে আর্থিক শিক্ষা-বিষয়ক প্রচারণা, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিষয়ভিত্তিক বিতর্কে অংশ নেবেন দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।