রাজধানীতে ফুলের স্থায়ী পাইকারি বাজারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২২টি জেলায় প্রায় ২০ হাজার চাষি এখন ফুল চাষ করেন। সব মিলে দেশে বছরে প্রায় ৬০০ কোটি টাকার ফুল উৎপাদিত হয়।
তবে উৎপাদিত ফুল বাজারজাতকরণের জন্য ঢাকায় স্থায়ী কোনো পাইকারি বাজার নেই। সে জন্য সম্ভাবনাময় খাতটির সম্প্রসারণ ঘটছে না।
এমন প্রেক্ষাপটে রাজধানী ঢাকায় ফুলের স্থায়ী পাইকারি বাজার স্থাপনের দাবি জানিয়েছেন ফুলচাষি ও ব্যবসায়ীরা। যশোর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহিম। তিনি বলেন, ঢাকায় শাহবাগ ও আগারগাঁওয়ে দুটি অস্থায়ী পাইকারি ফুলের বাজার আছে। তবে শাহবাগের জায়গাটি অস্থায়ী। অন্যদিকে আগারগাঁওয়েরটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় স্থানীয় সন্ত্রাসীদের কাছে ফুল ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন।
আব্দুর রহিম বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। তিনি অবিলম্বে রাজধানীতে ফুলের জন্য একটি স্থায়ী পাইকারি বাজার স্থাপন করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জানা যায়, দেশে উৎপাদিত ফুলের একটি বড় অংশ হয় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও আশপাশের এলাকায়।
এখান থেকেই বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ শুরু। যশোরের উৎপাদিত ফুলের প্রধান বাজার ঢাকা ও চট্টগ্রাম। এ ছাড়া কিছু ফুল বিদেশেও রপ্তানি হচ্ছে।
সংবাদ সম্মেলনে যশোরের গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সহসভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, কার্যকরী কমিটির সদস্য রনি আহমেদ, রফিকুল ইসলাম, নাসরীন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।