রাজধানীতে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে
তথ্যপ্রযুক্তি (আইসিটি) পণ্য ও সেবা উৎপাদনে বেসরকারি উদ্যোগে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) হচ্ছে ঢাকায়। রাজধানীর গুলশানের আমেরিকান দূতাবাস থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাড্ডার সাতারকুলে এ অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে ইউনাইটেড গ্রুপ। আজ সোমবার তাদের প্রাক্-যোগ্যতা নিবন্ধনপত্র দেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
‘ইউনাইটেড সিটি আইসিটি অর্থনৈতিক অঞ্চল’ নামের এ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত আয়তন ২ দশমিক ৪৩ একর। এখানে কম্পিউটার সফটওয়্যার তৈরি, হার্ডওয়্যার সংযোজনসহ বিভিন্ন পণ্য উৎপাদনে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলো বিনিয়োগ করবে বলে আশা করছে ইউনাইটেড গ্রুপ। তারা আগামী দুই বছরের মধ্যে এটিকে বিনিয়োগ উপযোগী করতে চায়।
২০৩০ সাল নাগাদ সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা করেছে। এর মধ্যে কিছু হবে বেসরকারি উদ্যোগে। অর্থনৈতিক অঞ্চলের স্থান নির্বাচন কমিটি গত ৭ এপ্রিল নয়টি অর্থনৈতিক অঞ্চলের জন্য স্থান চূড়ান্ত করে। এর মধ্যে একটি ছিল ইউনাইটেড সিটি আইসিটি অর্থনৈতিক অঞ্চল।
বেজার চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, ইউনাইটেড গ্রুপ এক বছরের মধ্যে সব শর্ত পূরণ করলে তাদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। শর্তের মধ্যে আছে পরিবেশ ছাড়পত্র, সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা, প্রকল্পের পরিকল্পনা ও নকশা জমা দেওয়া ইত্যাদি। তিনি বলেন, ‘আশা করা যায়, তারা এসব শর্ত পূরণ করতে পারবে। এ আইটি পার্কটি হলে তথ্যপ্রযুক্তিতে শিক্ষিত অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।’
ইউনাইটেড গ্রুপের বর্তমানে বিদ্যুৎ, বন্দর, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও নির্মাণ শিল্পে বিনিয়োগ রয়েছে। মাদানি অ্যাভিনিউতে তারা ইউনাইটেড সিটি নামের একটি আবাসিক এলাকা গড়ে তুলছে। ওই এলাকার ভেতরেই হবে অর্থনৈতিক অঞ্চলটি। তারা দাবি করেছে, অর্থনৈতিক অঞ্চলের কর্মী ও বিনিয়োগকারীদের জন্য আবাসন, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, স্কুল ও হাসপাতালের সুবিধা থাকবে।
ইউনাইটেড গ্রুপের পরিচালক মালিক তালহা ইসমাইল বারী প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু একটি জায়গা ও অবকাঠামো করে দেব। বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন।’
এ দেশে তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কতটুকু—জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের কয়েকটি দেশ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
তালহা ইসমাইল বলেন, তথ্যপ্রযুক্তিতে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি। বাংলাদেশে এ খাতে যাঁরা কাজ করছেন, তাঁরা ঢাকার বাইরে যেতে খুব বেশি আগ্রহী নন। ঢাকায় অর্থনৈতিক অঞ্চল হলে দক্ষ লোক পাওয়া সহজ হবে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটি তৈরি করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।