রাজধানীতে ব্র্যান্ড ফোরামের খুচরা ব্যবসা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে গত শনিবার বাংলাদেশ রিটেইল বিজনেস কংগ্রেস বা বাংলাদেশ খুচরা ব্যবসায় সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘টেকসই খুচরা ব্যবসায়ে উত্তরণ’।
সম্মেলনে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, খুচরা ব্যবসায়ের বর্তমান প্রবণতা, প্রযুক্তিগত উদ্ভাবন, চ্যালেঞ্জ ও প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশলসমূহ তুলে ধরা হয়। পাশাপাশি এ ক্ষেত্রে সহযোগিতামূলক ও পরিবেশবান্ধব উপায়ে টেকসই প্রবৃদ্ধি অর্জন নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়।
সম্মেলনে প্রবন্ধ উপস্থাপনের তিনটি অধিবেশন পরিচালনা করেন যথাক্রমে ফিউচার গ্রুপের বেঙ্গল ওয়ারিয়র্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্দ্বীপ তারকাস, হাইপারসিটি রিটেইল ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াকিন গাজি ও ল্যান্ডর মুম্বাইয়ের ক্রিয়েটিভ ডাইরেক্টর কুরনাল রাওয়াল। এতে স্থানীয় আলোচকদের মধ্যে ছিলেন আগোরা সুপার মার্কেটসের সিইও ক্রিস্টোফি এচিভারড, হাতিল কমপ্লেক্সের বিপণন পরিচালক মশিউর রহমান, মীনাবাজারের সিইও শাহীন খান, বেক্সিমকো লিমিটেডের সিইও সৈয়দ নাভিদ হুসেইন।
এ ছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রহিমআফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম ও ইপিলিয়ন গ্রুপের ব্যবসায় উন্নয়ন মহাব্যবস্থাপক রেজাউল কবির। বিজ্ঞপ্তি।