রাজধানীতে শুরু হলো তিন দিনের কৃষিমেলা
কৃষক ও কৃষির সঙ্গে সম্পৃক্ত সবাইকে আধুনিক প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে শুরু হয়েছে ‘বাংলালিংক এগ্রো বাংলাদেশ ২০১০’ শীর্ষক কৃষিমেলা।গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এতে তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রযুক্তিনির্ভর কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে।কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এক্সট্রিম, এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড, আই স্টেশন কমিউনিকেশন্স এবং বাংলালিংক যৌথভাবে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, এ মেলার মাধ্যমে কৃষক, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেমন নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন, তেমনি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমিত জমিতে অধিক খাদ্য উৎপাদন করে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে।এ সময় এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিসেসের পরিচালক নজরুল ইসলাম বাংলালিংক ইনফরমেশন ডেসিমিনেশন সার্ভিসেরও উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্যসহ ১৫টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান ১৪৩টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে এ মেলায়।এসব স্টলে বায়োগ্যাস প্রকল্প, সৌরশক্তি ও ডিজেলচালিত সেচপাম্প ও হোম সিস্টেম, রাইস মিলস মেশিনারিজ, দুগ্ধ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, মৎস্য ও প্রাণী স্বাস্থ্যবিষয়ক মেডিসিন প্লান্ট, পরিবেশবান্ধব জৈব সার এবং কৃষিপণ্য পরিবহন ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলা ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।