রাজধানীতে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খাতের তিনটি প্রদর্শনী শুরু
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস্) গ্লোবালের উদ্যোগে ঢাকায় স্বাস্থ্য খাতের সেবা ও যন্ত্রপাতির তিন দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত প্রদর্শনীগুলো হচ্ছে ‘১০ম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’, ‘৩য় বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০১৭’ এবং ‘ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো ২০১৭’।
এসব প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, জার্মানি, বেলজিয়াম, ফিনল্যান্ড, স্পেন, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, যুক্তরাজ্য, তাইওয়ান, চীন, তুরস্ক, হাঙ্গেরি, কোরিয়া প্রভৃতি দেশের প্রায় ১২০টি প্রতিষ্ঠান ২০০টি স্টলে অংশ নিয়েছে। তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসংক্রান্ত প্রযুক্তি ও যন্ত্রপাতি, সার্জিক্যাল ও ক্লিনিক্যাল ল্যাব ইক্যুইপমেন্ট বা সরঞ্জাম এবং ওষুধ তৈরির যন্ত্রপাতি প্রদর্শন করছে। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
এ মেলায় নিটল মোটরস টাটার সুমো অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়ি প্রদর্শন করছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে এসব প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা বেগম, আমেরিকান চেম্বার অব কমার্স ইন (অ্যামচেম) বাংলাদেশের সহসভাপতি শওকত আলী সরকার, এফবিসিসিআইয়ের মেডিকেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।
প্রদর্শনী উপলক্ষে সেমস্ গ্লোবাল এবং ডক্টরলা ডট কম ব্যাক পেইন চিকিৎসা বিষয়ে গতকাল বিকেলে ‘৩য় মেডিকন বাংলাদেশ ২০১৭’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। এ ছাড়া সেমস্ গ্লোবাল একই স্থানে ভারতের অ্যাকুয়ারিস ভেনচারসের সঙ্গে যৌথভাবে আজ শুক্রবার ও কাল শনিবার ‘ইন্ডিয়া হেলথ প্লাস’ নামে প্রদর্শনীর আয়োজন করবে। বিজ্ঞপ্তি