রাজধানীতে ১১তম জাতীয় আসবাবপত্র মেলা শুরু হয়েছে
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফআইওএ) উদ্যোগে রাজধানীতে ১১তম জাতীয় আসবাবপত্র মেলা-২০১২ সোমবার শুরু হয়েছে। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সপ্তাহব্যাপী এই মেলা আগামী রোববার পর্যন্ত চলবে।এবারে ‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাব বাসা’ শীর্ষক স্লোগানে মেলাটি আয়োজন করা হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। মেলাটি আজ ও কাল দুপুর ১২টা, শনিবার তিনটা এবং অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এটির ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি) নামের একটি প্রতিষ্ঠান। বিএফআইওএ ও ডিটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফআইওএর সভাপতি সেলিম এইচ রহমান, মেলা কমিটির মহাসচিব মো. ইলিয়াস সরকার, আহ্বায়ক শেখ আবদুল আউয়াল, সাংগঠনিক সচিব এ করিম মজুমদার এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আকতারুজ্জামান উপস্থিত ছিলেন। মো. মুজিবুল হক বলেন, ‘দেশীয় কাঁচামালের ব্যবহার ও দক্ষ জনশক্তির সঙ্গে যদি আমরা উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ প্রদান এবং বাজার চাহিদা অনুযায়ী ডিজাইনের সমন্বয় করতে পারি, তা হলে বিদেশেও বাজার সম্প্রসারণ সম্ভব।’