রাজধানীতে ২৬ জুন থেকে আন্তর্জাতিক কৃষিমেলা শুরু
‘আগামী দিনের কৃষি’ এ স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আগামী ২৬ জুন থেকে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক কৃষিমেলা শুরু হবে।‘২য় এগ্রো বাংলাদেশ-২০১১’ শীর্ষক এ মেলায় ১২টি দেশের ১২০টি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ২৪০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড ও আই স্টেশন লিমিটেড মেলাটির আয়োজন করছে।মেলা উপলক্ষে ঢাকার রূপসী বাংলা হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক নজরুল ইসলাম, ইস্টার্ন ব্যাংকের ডিএমডি এম ফখরুল আলম, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম খান, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি এফ আর মালিক, ই থ্রি সলিউশনের এমডি চানমোহন সাহা ও আই স্টেশনের এমডি মধুসূদন সাহা।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী স্বাগতিক বাংলাদেশসহ যেসব দেশ এ মেলায় অংশ নেবে সেগুলো হচ্ছে—ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্য।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন।