জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা টানা তিন দিনের হরতালের প্রথম দিনে রাজধানী ঢাকার অনেক এলাকার দোকানপাট খোলেনি। অনেকে আবার শাটার অর্ধেক খোলা রেখে ব্যবসায়িক কার্যক্রম চালিয়েছেন। তবে অলিগলির দোকানপাট বেশির ভাগই খোলা ছিল।রাজধানীর কয়েকটি জায়গা ঘুরে গতকাল রোববার এ চিত্র চোখে পড়ে। মূলত আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণেই দোকানপাট খোলেননি বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী নেতা। তবে তাঁরা আশা প্রকাশ করেন, আজ দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। গতকাল দুপুর দুইটার দিকে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় গিয়ে দেখা যায়, হরতালের প্রভাবে সেখানে কর্মচাঞ্চল্য নেই। গাড়ির খুচরা যন্ত্রাংশের বেশির ভাগ দোকান বন্ধ। আর খোলা থাকা কয়েকটি দোকানে ক্রেতাদের তেমন আনাগোনা ছিল না।এ ছাড়া নারিন্দা, লক্ষ্মীবাজার, বাহাদুর শাহ পার্কের আশপাশে, নর্থ-সাউথ রোড, নবাবপুরের বেশির ভাগ দোকান বন্ধ ছিল। তবে গুলিস্তানের বেশ কিছু বিপণিবিতান খোলা ছিল। এ ছাড়া হাতিরপুল, পান্থপথ ও কারওয়ান বাজার এলাকার অল্প কিছু দোকান খোলা রাখতে দেখা গেছে। তবে এসব এলাকায় খাবারের দোকানগুলো খোলা ছিল।আগের হরতালের মতোই বায়তুল মোকারম ও নিউমার্কেটের স্বর্ণ ব্যবসায়ীরা দোকান খোলেননি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, স্বর্ণের দোকানগুলোতে অল্পতেই অনেক টাকার ক্ষতি হয়ে যায়। তাই আতঙ্কেই দোকান খুলছেন না ব্যবসায়ীরা।এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের কিরণ জানিয়েছেন, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ও মিরপুরের বেশ কিছু দোকান খুলেছে। তবে আগের হরতালের চেয়ে এবারের হরতালে দোকানপাট খোলার পরিমাণ একটু কম বলে স্বীকার করেন তিনি।সারা দেশের সহিংস ঘটনার কথা উল্লেখ করে কাদের কিরণ বলেন, ‘আজ (গতকাল) হরতালের প্রথম দিন। তাই আতঙ্কে অনেক মালিক দোকান খোলেননি। তবে আশা করছি, কাল (আজ সোমবার) দুপুর থেকে সব দোকান খুলে যাবে।’ দোকান খোলা রাখার বিষয়ে কোনো নির্দেশনা ছিল কি না, জানতে চাইলে কাদের কিরণ বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারির হরতালের আগে দোকান খোলা রাখতে সবাইকে একটি নির্দেশনা দিয়েছিলাম। সেটি এখনো বলবৎ আছে। তবে আমরা কাউকে জোর করছি না।’এদিকে রাজধানীর উত্তরা, আশকোনা, আজমপুর এলাকায় ঘুরে দেখা গেছে, অনেক ব্যবসাপ্রতিষ্ঠানই খোলা হয়েছে। ব্যাংকগুলোতে নিয়মিত লেনদেন হয়েছে। তবে গ্রাহক অন্যদিনের চেয়ে কিছুটা কম ছিল।অন্যদিকে, উত্তরার বিভিন্ন বিপণিবিতানও খুলেছে। তবে সকালে দোকানপাট কম খুলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে তাঁদের প্রতিষ্ঠান খুলেছেন। তবে ক্রেতা কম ছিল। খোলা ছিল উত্তরার সুপার শপগুলো।