রাজধানীর নয়টি কাঁচাবাজার কাল ১৫ মিনিট বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি কাঁচাবাজার।
রাজধানীর একটি কাঁচাবাজার।

রাজধানীর নয়টি কাঁচাবাজার আগামীকাল বুধবার ১৫ মিনিট বন্ধ থাকবে। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ঘোষিত এই নয়টি ফরমালিনমুক্ত কাঁচাবাজার কর্তৃপক্ষ নিজ নিজ উদ্যোগে বাজারের কার্যক্রম বন্ধ রেখে দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত ‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’ পালন করবে।
খোলা বাজারে ফরমালিন বিক্রি বন্ধ; ফরমালিন আমদানি, বিক্রয় ও বিতরণ করার ক্ষমতা কেবল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) অর্পণ এবং দ্রুত ফরমালিন নিয়ন্ত্রণ আইন সংসদে পাস করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। আজ বুধবার এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
যেসব বাজারে প্রতিবাদ বন্ধন কর্মসূচি পালন করা হবে সেগুলো হলো: বাদামতলী ফলের বাজার; মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন কাঁচাবাজার; কাপ্তান বাজার (ঠাটারী বাজার); গুলশান উত্তর কাঁচাবাজার; শান্তিনগর বাজার (আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট); মালিবাগ বাজার; মহাখালী সিটি করপোরেশন মার্কেট; আজমপুর-উত্তরা ৬ নম্বর সেক্টরের মার্কেট এবং মিরপুর ১-এর হজরত শাহ আলী সিটি করপোরেশন মার্কেট।
আগামীকাল মালিবাগ বাজারে প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল, বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানুল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান আব্দুল্লাহ আবু সায়ীদ, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী প্রমুখ উপস্থিত থাকবেন বলে এফবিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়াও এফবিসিসিআইয়ের নেতারা উপস্থিত থাকবেন এই প্রতিবাদ কর্মসূচিতে।