রাজধানীর পল্লবীতে ডাচ্-বাংলা ব্যাংকের ১১১তম শাখা চালু
ঢাকার মিরপুর ১১ নম্বর সেকশনের পল্লবী ডি-ব্লকে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১১১তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের অন্যান্য শাখার মতো এটিও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গতকাল বুধবার শাখাটির উদ্বোধন করেন। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক রিটেইল ও করপোরেট গ্রাহকদের এটিএম কার্ডসহ নানাবিধ ব্যাংকিং পণ্য ও আর্থিক সেবা দিয়ে আসছে।কে এস তাবরেজ বলেন, ডিবিবিএল শাখা নেটওয়ার্কের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এটিএম নেটওয়ার্ক ও ফাস্ট ট্র্যাক স্থাপনের মাধ্যমেও ব্যাংকিং সেবা দিচ্ছে।জনাব তাবরেজ আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংক বর্তমানে দেশের ১৯ লাখ গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। তিনি ডিবিবিএলে একটি অ্যাকাউন্ট বা হিসাব খুলে আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা নেওয়ার জন্য স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।উদ্বোধনী দিনে বিপুলসংখ্যক মানুষ এ শাখায় হিসাব খোলেন। বিজ্ঞপ্তি।