রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের ঝাঁজ কমেছে
রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব এখনো পড়েনি। আজ বৃহস্পতিবার পাইকারি বাজারে প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ ১২ থেকে ১৪ টাকা পর্যন্ত কমেছে। অন্যান্য পেঁয়াজের দামও কমে এসেছে।পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল বুধবার প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫০ থেকে ৫৩ টাকা দরে। আজ বৃহস্পতিবার তা বিক্রি হয়েছে ৩৮ থেকে ৩৯ টাকায়। অথচ সকালের দিকে এ পেঁয়াজের দাম ছিল ৪৪ থেকে ৪৫ টাকা। কুষ্টিয়ার প্রতি কেজি পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। গতকাল বুধবার তা ৬৫ থেকে ৬৭ টাকায় বিক্রি হয়েছিল।শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের ব্যবসায়ী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার খবরে গত দুদিন বাজারে বিপুল পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়।এরই মধ্যে ফরিদপুর ও রাজশাহী থেকে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে। আজ বিক্রি অনেক কমেছে, তাই বাজারে দামও কমেছে।আজ পুরান ঢাকার নয়াবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়েছে।