রাজনীতি যুক্ত না হলে জিএসপি দ্রুত ফিরে পাওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত শর্ত পূরণের পর বাংলাদেশ আবারও যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা বা জিএসপি ফিরে পাবে বলে আশাবাদী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বুধবার তিনি ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ফরেন চেম্বার) এক মধ্যাহ্নভোজ-সভায় এই আশাবাদ তুলে ধরেন।
ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল এই ভোজসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপির সঙ্গে যদি যুক্তরাষ্ট্র রাজনীতির সংশ্লিষ্টতা যুক্ত না করে, তাহলে বাংলাদেশ অবশ্যই এই সুবিধা ফিরে পাবে। জিএসপি স্থগিতের পর তা ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছে, তার অধিকাংশই এরই মধ্যে পূরণ করা হয়েছে। বাকি শর্তগুলো মার্চের মধ্যে পূরণ হয়ে যাবে। তাই সরকার জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।
ফরেন চেম্বারের সভাপতি রুপালী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজসভায় আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক এম এ মতিন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেবি।
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, যুক্তরাষ্ট্রের বাজারে আমরা প্রায় ৫৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করি। এর মধ্যে জিএসপি সুবিধা পাই তিন কোটি ডলারের মতো। জিএসপি সুবিধা স্থগিতের পরও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেড়েছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর অনেকে বলছেন যে ওই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। কিন্তু তার দায় বর্তমান সরকারের নয়। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ ও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিএনপি কোনো আবেদনেই সাড়া দেয়নি। ওই পরিস্থিতিতে নির্বাচন করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না। বর্তমান সরকার পাঁচ বছর মেয়াদের জন্যই নির্বাচিত বলেও জানান তোফায়েল।
অনুষ্ঠানে ফরেন চেম্বারের সভাপতি রুপালী চৌধুরী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদে ফরেন চেম্বারের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি বিনিয়োগ বৃদ্ধিতে অন্তত তিন বছর পর্যন্ত কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করেন।
রুপালী চৌধুরী বলেন, আগে সরকার বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন শিল্পে ১০ বছর পর্যন্ত কর অবকাশ সুবিধা দিত। কিন্তু সেটি বন্ধ করে এখন লেনদেনের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। বাস্তবতা হচ্ছে, যেকোনো উৎপাদনশীল শিল্পে বিনিয়োগ করলেও সেটিকে লাভজনক পর্যায়ে নিয়ে আসতে তিন-চার বছর সময় লাগে।
ফরেন চেম্বারের দাবির জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এফবিসিসিআইয়ের পর্ষদে তাদের প্রতিনিধিদের যুক্ত করার বিষয়ে সংগঠনটির সভাপতির সঙ্গে তিনি আলোচনা করবেন।