রাজনীতিকেরা ক্ষতির দায় নিচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছৈয়দ ছগীর আহমদ সাধারণ সম্পাদক, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোিসয়েশন
ছৈয়দ ছগীর আহমদ সাধারণ সম্পাদক, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোিসয়েশন

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ভোগ্যপণ্যের সিংহভাগ খাতুনগঞ্জ থেকে বিপণন হয়। এসব পণ্য চট্টগ্রামের বিভিন্ন গুদাম থেকে সারা দেশে নেওয়া হয়। আবার স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজসহ বেশ কিছু পণ্য খাতুনগঞ্জে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। অবরোধের কারণে পণ্য সরবরাহের এই পুরো প্রক্রিয়া মারাত্মক ব্যাহত হচ্ছে বলে জানালেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ। তিনি আরও জানান, এখন খাতুনগঞ্জে স্বাভাবিক অবস্থায় প্রতিদিন যে লেনদেন হয় তার পরিমাণও দিন দিন কমছে। ফলে গুদামগুলোতে ধীরে ধীরে পণ্যের স্তূপ জমছে। আবার পণ্য পরিবহনের জন্য গাড়ি সব সময় পাওয়া যাচ্ছে না। ভাড়াও বেড়েছে।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছগীর আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে নিরাপত্তা দিলেও দিনে-রাতে হামলার ঘটনা ঘটছে। মহাসড়কে আমদানি-রপ্তানি পণ্য ঝুঁকি নিয়ে আনা- নেওয়া হলেও অস্থিতিশীল অবস্থায় অনেকে ঝুঁকি নিতে চাইছেন না। কারণ অনেক ব্যবসায়ী আছেন যাঁদের এক গাড়ি পণ্য পুড়িয়ে দিলে বা ক্ষতিগ্রস্ত হলে পুষিয়ে নেওয়ার মতো অবস্থা থাকবে না। তবে এটা ঠিক, অবরোেধ শুধু মহাসড়কে নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা গেলে পণ্য সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটতে পারে। আর এই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের।
ছগীর আহমদ বলেন, ব্যবসায়ীরা প্রায় এক বছর আগে হরতাল-অবরোধে মারাত্মক ক্ষতির শিকার হয়েছিলেন। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার টানা অবরোধের মুখে পড়তে হলো। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতিকেরা আমাদের ব্যবসা-বাণিজ্য করার অধিকার হরণ করছেন। ক্ষয়ক্ষতি হলেও তাঁরা দায়িত্ব নিচ্ছেন না। বিবদমান রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করে এ অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দিতে পারে।’