রাজনীতিমুক্ত বেসরকারি খাতই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে
জ্বালানি, অবকাঠামো ও বন্দর—এ তিন সমস্যা থেকে উত্তরণ হলো বর্তমান বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। কিন্তু এ চ্যালেঞ্জই শেষ কথা নয়। বিপুল সম্ভাবনার দ্বারও খোলা বাংলাদেশের সামনে। এ সম্ভাবনাকে জাগিয়ে তোলায় নেতৃত্ব দেবে রাজনীতিমুক্ত বেসরকারি খাত। সরকারের দায়িত্ব শুধু নীতিসহায়তা দেওয়া এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থাকে ঠিক রাখা। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মাসিক মধ্যাহ্নভোজ সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ ছিলেন এবারের সভার প্রধান অতিথি। এতে ‘বাংলাদেশের অর্থনীতি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম এতে স্বাগত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান, অ্যামচেমের সহসভাপতি খালিদ হাসান, নির্বাহী পরিচালক এ গফুর, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নিকোলাস জে ডিন প্রমুখ।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, দেশের মূল সংকট হলো বন্দর, জ্বালানি ও অবকাঠামো। তবে জ্বালানি সংকট কেটে যাবে। পেট্রোবাংলার চেয়ারম্যান সম্প্রতি আশ্বাস দিয়েছেন, গ্যাসের কোনো সমস্যা নেই, সমস্যা হলো তা উত্তোলনের। আর মাত্র দুটি বছর অপেক্ষা করলেই গ্যাস-সংকট থাকবে না। আর বিদ্যুতের ব্যাপারে তো সরকারের নানামুখী উদ্যোগ রয়েছেই।এ কে আজাদ বলেন, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) জন্য ইতিমধ্যেই তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বেসরকারি খাত এই সুযোগটি কাজে লাগাতে পারে। গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং কয়লাভিত্তিক শিল্প স্থাপনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও তাগিদ দেন তিনি।সৈয়দ নাসিম মঞ্জুর তাঁর প্রবন্ধে বলেন, দেশের চাকরির বাজারে বছরে ২০ লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে। এর মধ্যে এক লাখেরই চাকরির সংস্থান হচ্ছে বেসরকারি খাতের মাধ্যমে। তিন লাখের চাকরির ব্যবস্থা হলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার ১ শতাংশ বেড়ে যাবে। সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, রাজনীতি রাজনীতিই, আর ব্যবসা হলো ব্যবসা। একটিকে অন্যটির সঙ্গে মেলানো ঠিক নয়। তবে আশার কথা যে, দেশের অনেক তরুণ শিল্পপতি ও ব্যবসায়ী এগিয়ে আসছেন। তাঁরা রাজনীতির ধার না ধরে নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন।মৌলিক সুশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আর বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পুলিশ বিভাগ এবং বিচার বিভাগটা ঠিক থাকলেই হবে বলে মনে করেন সৈয়দ নাসিম মঞ্জুর। ঢাকা ও চট্টগ্রাম মহানগরকে বিকেন্দ্রীকরণের পরামর্শ দেন ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের ৪৮তম বৃহৎ অর্থনীতির দেশ। বিশ্ব মানচিত্রের এমন এক জায়গায় দেশটির অবস্থান যে এর এগোনোর সম্ভাবনা বিপুল। কিন্তু দুর্বল অবকাঠামোর কারণে কিছুই হচ্ছে না। তিনি দ্রুত কয়লা উত্তোলনেরও পরামর্শ দেন।অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম বলেন, বাংলাদেশ শুধু সংকট নয়, বিপুল সম্ভাবনারও দেশ। যেসব সংকটের কারণে অর্থনৈতিকভাবে দেশটি পিছিয়ে, সেগুলো দূর করতে পারলে জিডিপির প্রবৃদ্ধির হার ৮ থেকে ১০ শতাংশে উন্নীত হতে খুব বেশি সময় লাগবে না। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বলেন, অসংখ্য সমস্যার মধ্যেও আকাশসমান সুযোগের দ্বার খোলা বাংলাদেশের সামনে। এসব সুযোগ গ্রহণ করতে হলে সবার আগে অবকাঠামো সমস্যা দূর করতে হবে।