চলতি ২০১২-১৩ অর্থবছরের অবশিষ্ট সময় ও ভবিষ্যতে দেশের অর্থনৈতিক কার্যক্রম কেমন হবে, তা এখন চলমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার ওপরই নির্ভর করছে। এ ক্ষেত্রে যেকোনো দীর্ঘায়িত অনিশ্চয়তা অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।ঢাকায় গতকাল শনিবার অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) ১৮তম বার্ষিক কাউন্সিলে এসব কথা বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান।সভায় সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ লক্ষণীয় বাধাবিপত্তি সত্ত্বেও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনে গতিময়তা ধরে রেখেছে। রাজস্ব খাতে শৃঙ্খলা বেড়েছে এবং রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে ধীরগতি সত্ত্বেও রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের জোরালো প্রবাহে স্বস্তিদায়ক বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত হয়েছে। এই প্রবণতা চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ের জন্য সুযোগ এনে দিয়েছে। এর পাশাপাশি অবশ্য চ্যালেঞ্জও রয়েছে।সভায় আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান ও রোকেয়া আফজাল রহমানসহ নির্বাহী পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এই ব্যবসায়ী সংগঠনটির মতে, কোনো কোনো পর্যবেক্ষক বাংলাদেশের প্রবৃদ্ধি সন্তোষজনক অবস্থায় রয়েছে বললেও তা এখনো সম্ভাবনার নিচে অবস্থান করছে।আইসিসিবি বলেছে, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য হিসেবে ২০১৩ অর্থবছরের জিডিপিতে মোট বিনিয়োগের অংশ ২৯ দশমিক ৬ শতাংশ হতে হবে। অন্য কথায়, এ জন্য অতিরিক্ত ৭৫ হাজার ৪৬০ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন।