
নতুন জনবল-কাঠামো, মাঠপর্যায়ে কর অফিস বিস্তৃতকরণসহ রাজস্ব প্রশাসনে সংস্কারের সুফল পাওয়া যাচ্ছে না। আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও সময়োপযোগী নিয়মনীতি প্রণয়নসহ শুল্কায়নপ্রক্রিয়া ত্বরান্বিত করেও লাভ হচ্ছে না। বরং তিন বছরের সাফল্যের পর এবার রাজস্ব আদায় থমকে গেছে, লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে আছে। এর প্রধান কারণ দেশে রাজনৈতিক অস্থিরতা। বলা যায়, অনেকটা রাজনৈতিক কর্মসূচির জন্য ‘কর’ দিচ্ছে রাজস্ব খাত।
বিদায়ী বছরে রাজনৈতিক অস্থিরতা-সহিংসতায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের গতিপ্রবাহে টান পড়েছে। বছরের শুরু থেকেই রাজনীতির মঞ্চ গরম হতে শুরু করে। হরতাল, অবরোধ, সহিংসতা বাড়তে থাকে। আতঙ্কে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট বন্ধ থাকে। আমদানি পড়তে থাকে।
ফলে রাজস্ব আদায়ের এই প্রধান উৎসগুলোর তেজ কমতে থাকে। সরকারের কোষাগারে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আয় যায়নি। আর তাই গত অর্থবছরে (জুলাই ২০১২-জুন ২০১৩ পর্যন্ত) রাজস্ব আয়ের লক্ষ্য অর্জিত হয়নি। ঘাটতি ছিল তিন হাজার কোটি টাকা। আর চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেও (জুলাই-নভেম্বর ২০১৩) লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। এই সময়কালে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৪৬ হাজার ৯২৪ কোটি টাকা। বিপরীতে এনবিআর আদায় করতে পেরেছে ৪১ হাজার ৭৮৭ কোটি টাকা। আমদানি শুল্ক, মূসক—এই দুটি খাতেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। তবে আয়কর খাতের প্রভাব বোঝা যাবে আগামী করবর্ষে হিসাব বিবরণী জমার সময়।
রাজস্ব আদায় হয় অর্থবছর বিবেচনায়, অর্থবছর শুরু হয় জুলাই মাসে, শেষ হয় জুন মাসে। বিদায়ী অর্থবছরের ঘাটতিতে টান দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। আর চলতি অর্থবছরের শুরুতেই হরতাল-অবরোধে আটকে যায় রাজস্ব আদায়। নভেম্বর-ডিসেম্বর মাসে ব্যবসাপ্রতিষ্ঠান খোলাই হয়নি বলা চলে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘চলতি বছরটি (২০১২) এনবিআরের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে।’ এভাবে চলতে থাকলে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হলে সরকারের ব্যয় কমাতে হবে, যা সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলবে।
পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, মূলত গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে হরতালসহ সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়নি। আর এটি ছিল গত অর্থবছরের দ্বিতীয়ার্ধের সময়, যখন সাধারণত বেশি রাজস্ব আদায় হয়। সব মিলিয়ে গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ আট হাজার ২৪৪ কোটি ৭৩ লাখ টাকা আদায় করেছে।
আমদানি-রপ্তানি কম হলে এবং দোকানপাট বন্ধ থাকলে আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) খাতে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয় না। গত অর্থবছরে এই দুই খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়নি। ২০১২-১৩ অর্থবছরে আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৫ হাজার ৬০০ কোটি টাকা। রাজস্ব আদায় হয়েছে ৩২ হাজার ৩৫১ কোটি ৫৫ লাখ টাকা।
স্থানীয় পর্যায়ে মূসক আদায়ে এক হাজার ৫৮৪ কোটি টাকা ঘাটতি হয়েছে। এই খাতে ৪০ হাজার ৪০০ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৩৮ হাজার ৮১৬ কোটি টাকা। তবে আয়কর খাতে লক্ষ্য অর্জিত হয়েছে।
২০১২-১৩ অর্থবছরের কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ার তিক্ত অভিজ্ঞতায় চলতি ২০১৩-১৪ অর্থবছরের রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণে আপত্তি করেছিল এনবিআর। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার লক্ষ্যমাত্রার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানান। জবাবে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, অর্থবছরের দ্বিতীয়ার্ধে এসে লক্ষ্য কমিয়ে দেওয়া হবে।
বাজেটের পর এনবিআরের চেয়ারম্যান আক্ষেপ করে সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছিলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসা-বাণিজ্য না হলে, দোকানপাট না খুললে কীভাবে রাজস্ব আদায় হবে? সে সময় তিনি আরও বলেন, চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য উচ্চাভিলাষী। তবে দেশটা সবার। পরবর্তী সময়ে যে সরকারই আসুক, তাদের টাকা লাগবে। তাই রাজনৈতিক কর্মসূচি রাজস্ব আহরণে যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ রাখার অনুরোধ করেছিলেন তিনি।
বাস্তবে যতই দিন গড়িয়েছে, হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচি আরও সহিংস ও বিস্তৃত হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ সারা দেশের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে। দেড় মাস ধরে হরতাল-অবরোধে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। সারা দেশের দোকানপাট বন্ধই ছিল বলা চলে। দেশের সরবরাহব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। ফলে রাজস্ব আদায়ও নিম্নগামী হয়।