রাজনৈতিক অনিশ্চয়তাই বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে রাজনৈতিক অনিশ্চয়তাই বড় চ্যালেঞ্জ। পাশাপাশি বাজেট বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার কার্যক্রম জোরদার করতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ও বেসরকারি টিভি চ্যানেল এনটিভি আয়োজিত ‘কেমন বাজেট চাই ২০১৩-১৪’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ অভিমত প্রকাশ করেন। গত শুক্রবার রাতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই অনুষ্ঠান হয়। বক্তারা আরও বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে রাজস্ব সংগ্রহ কম হবে। রপ্তানি কমে যাবে। এতে বাজেট বাস্তবায়নে সমস্যা দেখা দেবে। আর্থিক খাতে বিশেষ করে সরকারি ম ালিকানাধীন ব্যাংকে সুশাসনের অভাব রয়েছে। জ্বালানির অভাবে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না।অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্দ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী  আবুল মাল আবদুল মুহিত, বলেন, পুরোনো বছরের ধারাবাহিকতায় আগামী অর্থবছরে স্বাভাবিক বাজেট হবে। তবে বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তায় গত এক মাসে কোনো বিদেশি ক্রেতা আসতে পারেননি। ব্যবসা-বাণিজ্যও করা যায়নি। মুহিত জানান, পদ্মা সেতু প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরও অন্য খাতে ৫ থেকে ৭ শতাংশ বরাদ্দ বাড়ানো যাবে। কৃষিতে ভর্তুকি নয় হাজার কোটি টাকা রাখার পাশাপাশি অন্য খাতেও ভর্তুকি বহাল থাকবে।তৈরি পোশাক খাতে সুযোগ-সুবিধা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নতুন করে সহজশর্তে আরও ঋণ দিলে দেশের মানুষ সহজভাবে গ্রহণ করবে না।অর্থনীতিতে সরকারের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সময়ে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) নিয়ে কিছুই করতে পারিনি। আইন করতেই সময় চলে গেছে।’আকবর আলি খান বলেন, আগামী বাজেট শুধু সরকারের শেষ বাজেট নয়, এটা ক্রান্তিকালের বাজেট। অর্থনীতির চেয়ে রাজনৈতিক অস্থিরতাই বেশি প্রাধান্য পাচ্ছে।  তিন বিলিয়ন ডলারের পদ্মা সেতু প্রকল্পে সময় ও খরচ বেড়ে গেলে অর্থনীতিতে সমস্যা আরও বাড়বে বলে মনে করেন তিনি।জি এম কাদের বলেন, ‘বাজেট বাস্তবায়নে মূল চ্যালেঞ্জ হলো রাজনৈতিক অনিশ্চয়তা। সুশাসনের অভাব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই সুশাসনের অভাবকে বাজেট বাস্তবায়নে অনিশ্চয়তা হিসেবে ধরা উচিত নয়।’আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, ঋণের প্রবাহ কমেছে। তাই চলতি অর্থবছরের ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি প্রশ্নবিদ্ধ। এই সরকারের আমলে ব্যাংকিং, শেয়ারবাজারসহ আর্থিক খাতের এক লাখ কোটি টাকা লুটপাট হয়েছে বলে তিনি মনে ক রেন। পদ্মা সেতুতে নিজস্ব অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, ১ শতাংশ হারের কম সুদে অর্থ জোগাড় না হলে প্রকল্পের অর্থায়নের ভার জনগণের ওপর চাপানো ঠিক হবে না। প্রকল্পে গ্রহণযোগ্য অর্থায়ন না হলে ভালো ঠিকাদার পাওয়া যাবে না।অনুষ্ঠানে এনটিভির চট্টগ্রাম স্টুডিও থেকে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। মূল অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন প্রমুখ বক্তব্য দেন।