রাজনৈতিক অসহিষ্ণুতা প্রবৃদ্ধি ও উন্নয়ন বিঘ্নিত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অসহিষ্ণুতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে বিঘ্নিত করছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সদ্য প্রকাশিত ত্রৈমাসিক নিউজ বুলেটিন-এর সম্পাদকীয়তে এভাবেই দেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে।এতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, প্রতিযোগিতাশীলতার শক্তি ও ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার ইতিমধ্যে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। সে আলোকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একটা বোধ জন্মেছে যে এ দেশের অর্থনীতি একটা সন্তোষজনক পর্যায়ে এসেছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশ এ বছর অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তা দেশের উন্নয়ন সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে বলে অনেকেই মনে করছেন।’দুটি বড় রাজনৈতিক দল অবশ্যই ঐকমত্য হয়ে বিদ্যমান সব সমস্যা ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেবে এমনটি আশা করে আইসিসিবি বলেছে, ‘বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে দেশ ও সমাজ বিরোধে জড়াচ্ছে এবং মেরুকরণ হচ্ছে। অদূরদর্শী রাজনীতি, নেতৃত্বের ঘাটতি ও রাষ্ট্র পরিচালনায় প্রজ্ঞার অভাব দেশকে অচিরেই একটা বিভক্তির দিকে নিয়ে যেতে পারে। তাই কোন পথে দেশ এগোবে, সে জন্য এ মুহূর্তে আমাদের নেতৃত্বের দিকনির্দেশনা ও প্রতিশ্রুতি দরকার; যদিও এখন আমরা কোনোরকম আশা দেখছি না। কঠোর পরিশ্রমী সাধারণ মানুষকে তাঁদের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ দিয়ে দেশকে এমনভাবে গড়তে হবে, যাতে আমরা সবাই গর্বিত বোধ করতে পারি।’দেশের এই প্রভাবশালী ব্যবসায়ী সংগঠনের জানুয়ারি-মার্চ প্রান্তিকের এই প্রকাশনায় বলা হয়েছে, ‘বিগত কয়েক মাস ধরে আমরা তীব্র রাজনৈতিক অস্থিরতা প্রত্যক্ষ করছি। আমরা জানি যে নির্বাচনের আগে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ে, যা একটা গণতান্ত্রিক সমাজের জন্য প্রত্যাশিত। কিন্তু যেখানে নির্বাচনের এখনো প্রায় ছয় থেকে নয় মাস বাকি, সেখানে এখনই এ ধরনের কর্মকাণ্ড খুবই তাড়াহুড়ো বলে প্রতীয়মান হচ্ছে।’সংগঠনটি বলেছে, ‘আমাদের অতীত রেকর্ড চিত্তাকর্ষক। বিগত দশকে শত বাধা সত্ত্বেও অর্থনীতিতে প্রায় ৬ শতাংশ স্থির প্রবৃদ্ধি বজায় ছিল। তেমনি মানব উন্নয়ন সূচকেও একইভাবে অগ্রগতি সাধিত হয়েছে। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত দেশে দেড় কোটিরও বেশি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। একই সময়ে প্রতিবছর ২০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।’ আইসিসিবি মনে করে, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং জ্বালানি ও অবকাঠামোগত ঘাটতি মোকাবিলায় জোর দিতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ থেকে ৮ শতাংশ হারে অর্জন করতে হবে। বড় রাজনৈতিক দলগুলোকে দেশের প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আইসিসিবি বলেছে, নেপাল ও পাকিস্তানে অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন পরিচালিত হবে। এ দেশেও আসন্ন জাতীয় নির্বাচনের আগে নির্দলীয় সরকার গঠনের দাবি উঠেছে। এ সমস্যার সমাধান এখন জরুরি।