রাজনৈতিক অস্থিতিশীলতা ও আমলাতন্ত্র পিপিপির বাধা
রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং আমলাতন্ত্রকে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বাস্তবায়নের পথে প্রধান দুই সমস্যা মনে করছে দেশি-বিদেশি কয়েকটি সংস্থা।সংস্থাগুলোর কর্মকর্তাদের আশঙ্কা, পিপিপির আওতায় এখন সেসব প্রকল্প নেওয়া হচ্ছে রাজনৈতিক পটপরিবর্তন হলে তার অনেকগুলো নিয়েই অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতায় পিপিপির আওতাধীন কার্যক্রমও ব্যর্থ হয়ে পড়ছে।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এসব অভিমত ওঠে আসে। ‘পিপিপি: হোয়াট ওয়ার্কস অ্যান্ড হোয়াট ডাজ নট?’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য রিয়েলিটি অব এইড এশিয়া প্যাসিফিক, এশিয়া প্যাসিফিক রিসার্চ নেটওয়ার্ক, ইকুইটিবিডি, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিপিডি) ও ভয়েস।দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। ইকুইটিবিডির এক বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।সেমিনারে দুটি ধারণাপত্র উপস্থাপন করেন দ্য এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা এম শামীম সিদ্দিকী এবং এশিয়া প্যাসিফিক রিসার্চ নেটওয়ার্কের কর্মকর্তা এরিন পোলমারেস।শামীম সিদ্দিকী বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পিপিপির আওতায় নেওয়া কোনো প্রকল্প উদ্যোগ সফল হয় না। পিপিপিকে সফল করতে হলে কোনো প্রকল্প নিয়ে তাড়াহুড়া করা যাবে না। শামীম সিদ্দিকী আরও বলেন, অনেক বেসরকারি প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তাই জলবায়ু পরিবর্তনসংক্রান্ত উন্নয়ন প্রকল্প পিপিপির আওতায় নেওয়া যেতে পারে। পিপিপিকে সফল করতে বেসরকারি খাতে সুশাসন ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি নিশ্চিত করার কথা বলেন তিনি।আরেক ধারণাপত্রে এশিয়া প্যাসিফিক রিসার্চ নেটওয়ার্কের এরিন পোলমারেস বলেন, পিপিপি আসলে বেসরকারীকরণের আরেকটি রূপ। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থার চাপিয়ে দেওয়া কৌশল। এর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের অর্থ মুনাফা হিসেবে লুটে নেয়।ইকুইটিবিডির সোহেল ইকবালের সঞ্চালনায় সেমিনারে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন মাসুম প্রমুখ বক্তব্য দেন।