রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ভঙ্গুরতায় চিন্তিত ব্যবসায়ীরা
রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক ভঙ্গুরতার কারণে দেশের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এ দুটি বিষয়কে অগ্রগতির পথে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ।‘হালকা প্রকৌশলশিল্পের জন্য অর্থনৈতিক অঞ্চল গঠন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে গতকাল শনিবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ এসব মন্তব্য করেন।মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। খবর ইউএনবির।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। এর বাজার মূলত ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রকেন্দ্রিক। কিন্তু এসব দেশে মন্দা চলছে। তাই এ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।রাশিয়া, জাপান ও ব্রাজিল বাংলাদেশের বড় বাজার হতে পারে। সম্ভাবনা থাকার পরও এসব বাজার ধরা যাচ্ছে না। তাই রপ্তানি বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণে মনোযোগী হওয়ার সময় এসেছে। আর এ জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা।