রাজনৈতিক অস্থিরতা কমায় ইতিবাচক শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে টানা ইতিবাচক প্রবণতা বিরাজ করছে দেশের শেয়ারবাজারে। ৬ জানুয়ারির পর থেকে সাত কর্মদিবসই ইতিবাচক ধারায় রয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সূচক। বাড়তি প্রবণতায় রয়েছে লেনদেনও।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর থেকে দেশের সার্বিক রাজনৈতিক অস্থিরতা কমে এসেছে। এর প্রভাব পড়ছে বাজারে। এ ছাড়া ইতিমধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। সার্বিকভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর এর ফলে শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকবে বলেও মনে করছেন তাঁরা।

এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর ইতিমধ্যে নতুন সরকার গঠিত হয়েছে। বেশ কিছুদিন ধরে দেশে যে অস্থিরতা চলে আসছিল তা কমে এসেছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা নতুন করে বাজারে সক্রিয় হওয়ায় তার ইতিবাচক প্রভাব বাজারে লক্ষ করা যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিনিয়োগকারীরা উত্সাহিত হবেন বলেও মনে করছেন সিএসইর সাবেক এই নেতা।

অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহসভাপতি মো. মিজানুর রহমান খান মনে করেন দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর শেয়ারবাজারের স্থিতিশীলতা অনেকটা নির্ভরশীল। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা কমে আসায় তার প্রভাব শেয়ারবাজারেও দেখা যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে দীর্ঘ মেয়াদে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলেও মনে করেন তিনি।

ডিএসইর এই নেতা আরও বলেন, কোনো কোনো দুর্বল মৌল ভিত্তির কোম্পানি বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার সুযোগ যাতে না নিতে পারে, সে বিষয়ে তত্পর রয়েছে ডিএসই। ডিএসইর পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে। একটানা কোনো কোম্পানির দাম অস্বাভাবিক হারে বাড়লে সে বিষয়ে বিনিয়োগকারীদেরও সতর্ক করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের আরও বেশি সচেতন হতে হবে বলে মনে করেন তিনি।

আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান এ বিষয়ে বলেন, নির্বাচন এবং নতুন সরকার গঠনের পর রাজনৈতিক অস্থিরতা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তির জায়গা তৈরি হয়েছে। অনেক বিনিয়োগকারী নতুন করে বাজারে সক্রিয় হচ্ছেন। এর প্রভাব বাজারে দেখা যাচ্ছে।

বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা একটি স্থিতিশীল বাজার দেখতে চাই। দেশের পরিস্থিতি ভালো থাকলে বাজারও ভালো থাকবে। বিনিয়োগকারীরা বিনিয়োগে উত্সাহিত হবেন এটাই স্বাভাবিক।’

 শেয়ারবাজার বিশ্লেষক  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত বড় ধরনের অনিশ্চয়তা ছিল। নির্বাচনের পর ইতিমধ্যে সরকার গঠন হয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতাও অনেকটা কমে এসেছে। এ অবস্থায় নতুন বিনিয়োগ আসবে—এটাই স্বাভাবিক। আর বাজারে নতুন বিনিয়োগ হলে সার্বিকভাবে তার একটি ইতিবাচক প্রভাব দেখা যাবে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে বাজারে গুণগত পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন তিনি।

বাজার-পরিস্থিতি: দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় কর্মদিবসে ডিএসইর ডিএসইএক্স সূচক বেড়েছে ১৯৮ পয়েন্ট। নির্বাচনের পরদিন ৬ জানুয়ারি ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪,২৯৬ পয়েন্টে, যা গতকাল বৃহস্পতিবার দাঁড়িয়েছে ৪,৫১৯ পয়েন্টে।