দেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি বলছে, এ ধরনের সহিংসতা চলতে থাকলে দেশ দ্রুত চরম সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের পথে এগিয়ে যাবে।জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকা তিন দিনের হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ঢাকা চেম্বার। এতে বলা হয়, কয়েক দিন ধরে হরতাল ও রাজনৈতিক কর্মসূচির কারণে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় পবিত্র স্থান এবং যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মধ্যে দিয়ে দেশ গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। সংগঠনটি বলেছে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে বৈদেশিক বিনিয়োগ তো আসবেই না; বরং দেশীয় বিনিয়োগও উল্লেখযোগ্য হারে কমবে।ঢাকা চেম্বার মনে করে, রাজনৈতিক দলগুলোর সহিংস আচরণে দেশে সংকট সৃষ্টি হলে তার দায়দায়িত্ব সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকেই নিতে হবে। সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে সমঝোতার উপায় খুঁজে বের করে রাজনৈতিক দূরদর্শিতা প্রদর্শন করতে হবে।বিদ্যমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলের আলোচনায় বসার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করে ঢাকা চেম্বার।