শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনের জন্য দেশের রাজনৈতিক অস্থিরতাকে অন্যতম কারণ বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেছেন, পুঁজিবাজারে গত কয়েক দিনে অব্যাহত দরপতনের ঘটনা ঘটেছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেশ তলানিতে ঠেকেছে। দেশের রাজনৈতিক সহিংসতা এর অন্যতম কারণ।গতকাল বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি পুঁজিবাজার নিয়ে এই মন্তব্য করেন। এ সময় তিনি বিনিয়োগ, রাজনৈতিক পরিস্থিতি এবং জিএসপি সুবিধার বিষয়েও কথা বলেন। রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করতে এসে মজীনা গতকাল প্রথমবারের মতো ডিএসই পরিদর্শনে যান। এ সময় তিনি সংস্থাটির পরিচালনা পর্ষদের সঙ্গেও মতবিনিময় করেন। মজীনা বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে বিনোয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে, এতে দরপতন ত্বরান্বিত হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।মজীনা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। এ জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। একই সঙ্গে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় সে বিষয়েও পদক্ষেপ দরকার। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি গণতন্ত্রে বিশ্বাস করি, রাজনৈতিক মতাদর্শ প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। উন্মুক্ত ও গঠনমূলক উপায়ে রাজনৈতিক মতদ্বৈততার সমাধানে বিশ্বাস করি।’মজীনা বলেন, জিএসপি সুবিধা টিকিয়ে রাখতে বাংলাদেশকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। কারণ এ সুবিধা হারালে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে, যা বাংলাদেশের পোশাকশিল্পকে প্রভাবিত করতে পারে।এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মোহাম্মদ শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাজার পরিস্থিতি: আগের দিনের ধারাবাহিকতায় গতকালও ঢাকার বাজারে মূল্যসূচক সামান্য বেড়েছে। সে সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। যদিও দিনের শুরুতে সূচকের যে বৃদ্ধি ছিল, দিন শেষে সেটি স্থায়ী হয়নি। একইভাবে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মূল্যহ্রাসের তালিকায় সকালে কমসংখ্যক কোম্পানি থাকলেও দুপুরের পর সেই সংখ্যা বেড়ে যায়। এদিন ডিএসইর সাধারণ সূচক প্রায় ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৭৩ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে হয়েছে প্রায় তিন হাজার ৫২৬ পয়েন্ট। ডিএসইতে বুধবার ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮১টির দাম বেড়েছে, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে ১৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি।