জাতীয় নির্বাচন-পূর্ববর্তী রাজনৈতিক অস্থিরতার প্রভাবে চলতি ২০১৩-১৪ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি বলছে, প্রবাস আয়ের প্রবাহ কমেছে, তাই অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা কমেছে। এ ছাড়া রপ্তানি আয়ের ওপরও জিডিপি প্রবৃদ্ধি নির্ভর করছে।
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে গতকাল বুধবার প্রকাশিত এডিবির ত্রৈমাসিক ইকোনমিক আপডেট-এ এসব কথা বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরে সরকারের ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে এবার জিডিপি প্রবৃদ্ধির হার কমে কত হতে পারে এডিবি তার নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেয়নি।
এডিবির আউটলুকে বলা হয়েছে, গত দুই বছর কৃষি খাতের মোট উৎপাদনের ভিত্তি কম থাকায় চলতি অর্থবছরে আশানুরূপ প্রবৃদ্ধি হবে। আর অর্থনীতিতে প্রতিবন্ধকতার কারণে শিল্প খাতে পরিমিত প্রবৃদ্ধি হবে। নির্বাচন-পূর্ববর্তী অস্থিরতা ও শিল্প খাতে প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণে সেবা খাতের প্রবৃদ্ধিতেও একই প্রভাব ফেলবে। অর্থনীতি বাধাগ্রস্ত হওয়ায় বিশেষ করে আমদানি হ্রাস পাওয়ায় রাজস্ব আয় কমেছে।
এডিবির মতে, প্রবাস আয় কমে যাওয়ার পরও ভোক্তা চাহিদা মোটামুটি স্থিতিশীল থাকবে। কেননা গত নভেম্বরে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীদের বেতনও ২০ শতাংশ বাড়ানো হয়েছে। নির্বাচন-পূর্ববর্তী অস্থিরতার প্রভাবে আস্থাহীনতায় বেসরকারি খাতের বিনিয়োগ স্থবির হয়ে আছে। শিল্পঋণ ও মূলধনী যন্ত্রপাতির আমদানি হ্রাস থেকেই বোঝা যায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে।
কৃষি খাত সম্পর্কে এডিবি বলছে, কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তির ওপর নির্ভর করছে কী পরিমাণ উৎপাদন হবে। এ ছাড়া লক্ষ্য অনুযায়ী কৃষি উৎপাদন করতে সরকারের তরফ থেকেও সময়মতো বীজ, সার, বিদ্যুৎ, ঋণ প্রাপ্তির নিশ্চয়তা থাকতে হবে।
শিল্প খাত নিয়ে সংস্থাটি বলছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় চলতি অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি শ্লথ গতিতে থাকবে। জাতীয় নির্বাচনের কারণে রপ্তানিমুখী ও অভ্যন্তরীণ পণ্যের শিল্প খাতে চাহিদা সরবরাহে বিঘ্ন হয়েছে। এ ছাড়া শিল্প খাতে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের অনেক ক্রয়াদেশ স্থগিত করা হয়েছে। অব্যাহত গ্যাস-সংকট ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে শিল্পপণ্যের উৎপাদনও বিঘ্নিত হতে পারে।
এডিবি বলেছে, পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করার কথা বলা হচ্ছে।এ জন্য উৎপাদন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করতে হবে। ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে উৎপাদন খাতে ১১-১২ শতাংশ প্রবৃদ্ধি থাকতে হবে, যা ১৯৯০ সালের পর হয়নি।
প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সেবা খাতের ভূমিকা অপরিসীম উল্লেখ করে এডিবি বলছে, সেবা খাত থেকে জিডিপির প্রায় ৫৩ দশমিক ৯ শতাংশ আসে। কিন্তু নির্বাচনকেন্দ্রিক অস্থিরতার কারণে শিল্প খাত বাধাগ্রস্ত হয়েছে, যা সেবা খাত বিশেষ করে কর্মসংস্থানের প্রবৃদ্ধিকেও বিঘ্নিত করছে। তাই চলতি অর্থবছরে সেবা খাতে প্রবৃদ্ধি শ্লথ হবে।
এডিবি বলছে, জুলাই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি সাত শতাংশ থাকলেও ডিসেম্বরে তা সাত দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। রাজনৈতিক অস্থিরতায় মানুষ রোজগার করতে পারেনি। আর কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।