রাজনৈতিক অস্থিরতায় গতি কমেনি বিদেশি বিনিয়োগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও সহিংসতার মধ্যেও ২০১৩ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। গত বছর দেশে ১৫৯ কোটি ৯০ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এটি আগের বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।
বিনিয়োগ আসার দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কেবল ভারতেই বাংলাদেশের চেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে। গত বছর ভারতে বিনিয়োগ আসে দুই হাজার ৮১৯ কোটি ৯০ লাখ ডলার।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৪’-তে এই তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার সারা বিশ্বে একযোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ঢাকায় নিজস্ব সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে বিনিয়োগ বোর্ড।
অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের পক্ষে আঙ্কটাডের প্রতিবেদনটির মূল বিষয়গুলো উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন। তিনি জানান, ২০০৯ সালে যেখানে দেশে বিদেশি বিনিয়োগ এসেছিল ৭০ কোটি ১০ লাখ ডলার, পাঁচ বছরের মাথায় তা বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি।
কোনো দেশে বিদেশি বিনিয়োগ মূলত তিনভাবে হয়। প্রথমত, পুরোপুরি নতুন পুঁজি বিনিয়োগ। দ্বিতীয়ত, অর্জিত মুনাফার পুনর্বিনিয়োগ। তৃতীয়ত, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মূল কিংবা সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে আনা ঋণ।
আঙ্কটাড বলছে, গেল বছর বাংলাদেশে আসা বিনিয়োগের মধ্যে নতুন পুঁজির পরিমাণ ছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার, মুনাফা পুনর্বিনিয়োগ হয়েছে ৬৯ কোটি ৭০ লাখ ডলার এবং কোম্পানিগুলোর নেওয়া ঋণের পরিমাণ ছিল ৩৬ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশে প্রধানত টেলিযোগাযোগ, বস্ত্র ও পোশাক, ব্যাংকিং, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্যপণ্য খাতেই বেশি বিদেশি বিনিয়োগ এসেছে। এর মধ্যে বস্ত্র ও পোশাক খাতে ৪২ কোটি ২০ লাখ ডলার, ব্যাংকিং খাতে ৩২ কোটি ৭০ লাখ ডলার, টেলিযোগাযোগ খাতে ৩২ কোটি ৪০ লাখ ডলার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নয় কোটি ৯০ লাখ ডলার এবং খাদ্যপণ্য খাতে চার কোটি ডলারের বিনিয়োগ এসেছে।
তবে বিদেশি বিনিয়োগ আসার দিক থেকে প্রথম সারিতে থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি খাতে তিন বছর ধরেই বিনিয়োগ কমেছে। ২০১১ সালে এ খাতে বিনিয়োগ এসেছিল ২৩ কোটি ৮০ লাখ ডলারের। সেটা পরের বছর কমে দাঁড়ায় ১২ কোটি ৭০ লাখ ডলারে। আর গত বছর তা আরও কমে গেছে।
বাংলাদেশে গত বছর সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে যুক্তরাজ্য থেকে। এরপর আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, মিসর ও জাপান। যুক্তরাজ্য থেকে ১৯ কোটি ১০ লাখ, সিঙ্গাপুর থেকে ১৬ কোটি ২০ লাখ, মালয়েশিয়া থেকে ১২ কোটি ৩০ লাখ, নেদারল্যান্ডস থেকে ১১ কোটি ৬০ লাখ, দক্ষিণ কোরিয়া থেকে ১১ কোটি এবং মিসর ও জাপান থেকে নয় কোটি ৪০ লাখ ডলারের বিনিয়োগ এসেছে।
বিদেশি বিনিয়োগ আসার কারণে দেশে কত মানুষের কর্মসংস্থান হয়েছে এর কোনো তথ্য-উপাত্তের উল্লেখ থাকে না আঙ্কটাডের প্রতিবেদনে। তবে এই অনুষ্ঠান শেষে জানতে চাইলে বিনিয়োগ বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ২০১৩ সালে দেশে যত বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে, তাতে ৩৩ হাজার ১১ জনের কর্মসংস্থান হবে বলে প্রস্তাব করা হয়েছিল।
২০১৩ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১০ শতাংশ। এর পরিমাণ তিন হাজার ৬০০ কোটি ডলার। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পাকিস্তানে গত বছর বেশ ভালো বিনিয়োগ এসেছে। তবে সেই বিনিয়োগও বাংলাদেশের চেয়ে কম। ২০১২ সালে দেশটিতে যেখানে ৮৫ কোটি ৯০ লাখ ডলারের বিনিয়োগ এসেছিল, গত বছর তা দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে ১৩০ কোটি সাত লাখ ডলার। মালদ্বীপেও বিনিয়োগ আগের বছরের চেয়ে বেড়েছে। তবে বিদেশি বিনিয়োগ কমে গেছে আফগানিস্তানে, নেপালে, ভুটানে এবং শ্রীলঙ্কায়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘গত বছরের রাজনৈতিক অস্থিরতার পরও যে দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে, তার কারণ হলো বাংলাদেশের অর্থনীতির ওপর বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি আস্থা রয়েছে।’ তাঁর আশা, এখন বাংলাদেশ ১৬০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পেলেও আগামী কয়েক বছরের মধ্যে তা এক হাজার ৬০০ কোটিতে উন্নীত হবে।
অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নত হলে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। একপর্যায়ে তিনি বলেন, ‘গত পাঁচ বছরে দেশে জ্বালানি খাতে ৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে। ফলে বিদ্যুতের উৎপাদনও বেড়েছে। এখন আমরা নির্বিঘ্নে খেলা দেখতে পারছি।’
এই প্রসঙ্গে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মোশাররফ হোসেন ভুইয়া বলেন, ‘নিঃসন্দেহে বিদ্যুতের উৎপাদন বেড়েছে। কিন্তু শিল্প খাতে এখনো আশানুরূপ বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। বিদ্যুতের সংযোগও দেওয়া যাচ্ছে না।’
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, দেশের অভ্যন্তরীণ বাজার এখন এতটাই বড় যে পণ্য উৎপাদন করে রপ্তানি করতে হবে—বিনিয়োগকারীদের এই চিন্তা করতে হয় না।
বৈশ্বিক অবস্থা: আঙ্কটাডের প্রতিবেদন বলছে, ২০১৩ সালে সারা বিশ্বে মোট সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল এক লাখ ৪৫ হাজার কোটি ডলার। এটি আগের বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। ২০১২ সালে এই বিনিয়োগের পরিমাণ ছিল এক লাখ ৩৫ হাজার কোটি ডলার।
আঙ্কটাডের পূর্বাভাস হচ্ছে, এ বছর বিশ্বে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ এক লাখ ৬০ হাজার কোটি ডলার এবং ২০১৬ সালে এক লাখ ৮০ হাজার ডলারে দাঁড়াতে পারে। ২০১৩ সালে সারা বিশ্বে যত বিদেশি বিনিয়োগ হয়েছে তার ৩০ শতাংশই হয়েছে এশিয়ায়। এর পরিমাণ ৪২ হাজার ৬০০ কোটি ডলার।
বিশ্বে বিদেশি বিনিয়োগ বেশি হওয়া দেশগুলোর তালিকায় ওপরের দিকে আছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, হংকং, ব্রাজিল, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া ও স্পেন।
n ২০১৩ সালে বিনিয়োগ বেড়েছে ২৪ শতাংশ
n দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
n সারা বিশ্বে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৯ শতাংশ
দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগ
(কোটি ডলারে)
সাল বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা
২০১০ ৯১.৩ ২৭৪৩.১ ২০২.২ ৪৭.৮
২০১১ ১১৩.৬ ৩৬১৯ ১৩২.৬ ৯৮.১
২০১২ ১২৯.৩ ২৪১৯.৬২ ৮৫.৯ ৯৪.১
২০১৩ ১৫৯.৯ ২৮১৯.৯২ ১৩০.৭ ৯১.৬