রাজনৈতিক অস্থিরতায় বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতায় এ দেশ থেকে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

সংগঠনের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেছেন, ‘বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগ করতে চেয়েও পরে নিরুৎসাহী হয়ে চলে গেছে। এখানে বসে আছেন তাইওয়ানের একজন উদ্যোক্তা। তিনি এ দেশে তাঁর জুতার কোম্পানি আনতে চেয়েছিলেন। ৩০০ লোকের কর্মসংস্থান হতো। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় প্রতিষ্ঠানটি বিনিয়োগ করতে নিরুৎসাহিত হয়েছে।’

বাংলাদেশে এফআইসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ঢাকার একটি হোটেলে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ এরশাদ আহমেদ এ কথা বলেন।  এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জিম ম্যাককেইব ও নির্বাহী পরিচালক এম এ মতিন।

সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘আমরা খুনখারাবি দেখতে চাই না। আমরা চাই, সরকার যেন আমাদের নিরাপত্তা দেয়। দেশে রাজনীতি থাকবে, মিছিল-মিটিং থাকবে। কিন্তু সহিংস রাজনীতি আমরা চাই না। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।’

এফআইসিসিআইয়ের সভাপতি বলেন, দেশে গত ৫০ বছরে বেশি বিনিয়োগ এসেছে জ্বালানি, টেলিযোগাযোগ, বস্ত্র ও ব্যাংকিং এবং আর্থিক খাতে। আর হালকা প্রকৌশল, পর্যটন, অবকাঠামো খাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

পর্যাপ্ত জমি না পাওয়া, নীতির ধারাবাহিকতা ও আমলাতন্ত্র এবং অনুন্নত অবকাঠামোকে এ দেশে বিনিয়োগের বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন সৈয়দ এরশাদ আহমেদ। তিনি বলেন, ‘জমির অভাবে শ্রমঘন শিল্প স্থাপন করা সম্ভব হচ্ছে না। আবার বারবার নীতি পরিবর্তন বিনিয়োগকারীদের চিন্তায় ফেলে দেয়, বিনিয়োগ করবেন কি না।’

এফআইসিসিআই দেশের বিদেশি বিনিয়োগকারীদের সবচেয়ে বড় সংগঠন। বর্তমানে এই সংগঠনের ১৯০টিরও বেশি সদস্য আছে।